Govinda ‘আমি চাই গোবিন্দা খুশি থাকুক…’, কলকাতায় এসে ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুনীতা
Sunita Ahuja on Divorce with Govinda: গোবিন্দা বরাবরের মতোই পুরো বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। তবে সাম্প্রতিক গণেশ চতুর্থীতে গুঞ্জন আরও তীব্র রূপ নেয়, যখন মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’-র দর্শনে তথাকথিত প্রেমিকা কোমল রানির সঙ্গে দেখা যায় গোবিন্দাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় এসে বিচ্ছেদ ও ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীতা আহুজা।

গত কয়েক মাস ধরে গুঞ্জনের কেন্দ্রে বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর পত্নী সুনীতা আহুজার বিচ্ছেদের খবর। সম্পর্কের টানাপোড়েন কিংবা আইনি বিচ্ছেদ নিয়ে সুনীতা আগে একাধিকবার মুখ খুললেও, গোবিন্দা বরাবরের মতোই পুরো বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। তবে সাম্প্রতিক গণেশ চতুর্থীতে গুঞ্জন আরও তীব্র রূপ নেয়, যখন মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’-র দর্শনে তথাকথিত প্রেমিকা কোমল রানির সঙ্গে দেখা যায় গোবিন্দাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় এসে বিচ্ছেদ ও ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীতা আহুজা।
বৃহস্পতিবার তিলোত্তমায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ‘টিভি ৯ বাংলা’-র মুখোমুখি হন সুনীতা। সেখানেই বিচ্ছেদ প্রসঙ্গে সমস্ত ধোঁয়াশা দূর করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ডিভোর্সের কোনও প্রশ্নই ওঠে না!
তবে গোবিন্দার সাম্প্রতিক আচরণ ও ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সুনীতা বলেন, “ডিভোর্সের প্রশ্ন না উঠলেও বলব, গোবিন্দা যা করছে তাতে ও যদি ভালো থাকে, শান্তিতে থাকে—তাহলে সত্যিই ভালো। কিন্তু আমার অভিধানে ‘ক্ষমা’ বলে কোনও শব্দ নেই। আমি অত্যন্ত পজেসিভ এক স্ত্রী, মা এবং বন্ধু। কাউকে ঠকানো আমার একদম পছন্দ নয়। আমি কর্মফলে বিশ্বাসী।”
দেখুন পুরো সাক্ষাৎকার–
কলকাতায় এসেই যে তিনি কালীঘাটের শক্তিপীঠে মায়ের আশীর্বাদ নিয়েছেন, সে কথা উল্লেখ করে সুনীতা আরও যোগ করেন, “কলকাতায় পা রেখেই আমি মা কালীর দর্শনে গিয়েছি। রাক্ষসদের বিনাশ তো দেবী কালীই করেছিলেন। যারা আমার সংসার ভাঙার চেষ্টা করছে বা নষ্ট করছে, মা নিশ্চয়ই তাদের যোগ্য শাস্তি দেবেন। তবে তা সত্ত্বেও আমি চাই গোবিন্দা ভালো থাকুক, আনন্দে থাকুক।”
লালবাগচা রাজায় গোবিন্দা ও কোমল রানির একসঙ্গে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে প্রশ্ন করা হলে সুনীতা বলেন, “আমি আগেই বলেছি, ভালোবাসার জন্য ভিক্ষা চাওয়া আমার স্বভাব নয়। ওটা ওর জীবন, ও কীভাবে বাঁচবে সেটা ওর সিদ্ধান্ত। আমি আমার কাজ ও জীবন নিয়ে বেশ ভালো আছি। এতদিন যখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম, তখন সবাই আমাকে ট্রোল করত। এখন তো সত্যটা সবার চোখের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে।”
