‘তোমার পডকাস্টে আসার সুযোগ হয়নি আমার’…রাহুলের মৃত্যুতে কী বললেন অপর্ণা সেন

২৯ মার্চ প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার। ৩০ মার্চ শেষকৃত্য সম্পন্ন হয় রাহুলের। টলিপাড়ায় শোকের ছায়া। রাহুলের মৃত্যুতে শোকবার্তা পোস্ট করলেন অপর্ণা সেন।

তোমার পডকাস্টে আসার সুযোগ হয়নি আমার...রাহুলের মৃত্যুতে কী বললেন অপর্ণা সেন

| Edited By: Bhaswati Ghosh

Mar 31, 2026 | 1:03 PM

২৯ মার্চ প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার। ৩০ মার্চ শেষকৃত্য সম্পন্ন হয় রাহুলের। টলিপাড়ায় শোকের ছায়া। রাহুলের মৃত্যুতে শোকবার্তা পোস্ট করলেন অপর্ণা সেন।

সমাজ মাধ্যমে অপর্ণা লেখেন, ”রাহুল! কেন তোমাকে এত তাড়াতাড়ি চলে যেতে হল? কিছুই তো বুঝতে পারছিনা। এই মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটলো, আমি কলকাতায় ছিলাম না, এখনও নেই। অনেক কিছু থেকেই সরে গেছি, সরিয়ে নিয়েছি নিজেকে…কিন্তু তোমার এইভাবে অকালে চলে যাওয়া দূরে থেকেও আমাকে নাড়িয়ে দিয়েছে। ভাবতেও পারছিনা তুমি সত্যিই নেই!
তোমার সঙ্গে যে খুব দেখা হত আমার এমনও নয়। শুধু আমার একটাই ছবিতে তোমাকে একটাই দৃশ্যের জন্যে পাওয়ার সৌভাগ্য হয়েছিল। ‘আরশিনগর’-এ তুমি আর প্রিয়াঙ্কা একটা ছোট্ট কাজ করেছিলে অতিথি শিল্পী হিসেবে। সেই প্রথম। সেই শেষ?
তোমার বহুগুণের অনুরাগী ছিলাম আমি আরও অনেকের মত…তোমার অভিনয় প্রতিভা…তোমার লেখা…তোমার বাগ্মীতা…
তোমার পডকাস্টে আসার সুযোগ হয়নি আমার…কিন্তু আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে। সেও আর হল না। কিন্তু তার চেয়েও বড় কথা, এমন তাজা, এমন টগবগে একটা প্রাণ এই ভাবে চলে গেল!
জানিনা মরণোত্তর কোনও অস্তিত্ব থাকে কিনা মানুষের। যদি থাকে, তুমি সেখানে নতুন প্রাণ নিয়ে রাজ করো। আমাদের সকলের ভালবাসা তোমার সঙ্গে রইল।”

অপর্ণা সেনের মতোই টলিপাড়ায় শোকে রয়েছেন বহু শিল্পী। রাহুলের শেষকৃত্যের সময়ে শ্মশানে উপস্থিত ছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পার্ণো মিত্র থেকে অঙ্কুশ। তাঁদের চোখ ভিজে গিয়েছিল জলে।

Follow Us