
বলিউডের ‘করণ-অর্জুন’ অফ-স্ক্রিন কতটা বন্ধু, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু তাঁদের সম্পর্কের মাঝে করণ জোহার চলে আসায় কি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে? বর্তমানে ২০২৬-এর চতক স্ক্রিন অ্যাওয়ার্ডস নিয়ে যখন চারদিকে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নেটপাড়ায় ভাইরাল হয়েছে ২০১৭ সালের একটি পুরনো ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, প্রকাশ্য মঞ্চে করণ জোহরের ‘পক্ষপাতিত্ব’ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন সলমন খান। কেন করণের সব কিছুতেই প্রথম পছন্দ শাহরুখ? সেই প্রশ্নই তুলেছিলেন ভাইজান।
কী ঘটেছিল সেই রাতে?
২০১৭ সালের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের তিন মহারথী- শাহরুখ, সলমন এবং করণ। অনুষ্ঠানের একটি সেগমেন্টে শাহরুখ খানকে মঞ্চে ডাকার জন্য বেশ নাটকীয় ভূমিকা নিয়েছিলেন করণ। শাহরুখের দু’হাত ছড়িয়ে দাঁড়ানোর সিগনেচার পোজ থেকে শুরু করে তাঁর গালে টোল- সব কিছু নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরিচালক। কিন্তু দু-দুবার ডাকার পরেও যখন ‘কিং খান’ মঞ্চে এলেন না, তখন নিজেই তাঁকে খুঁজতে ব্যাকস্টেজে চলে যান করণ।
ব্যাকস্টেজে শাহরুখের নাম লেখা গ্রিন রুমে ঢুকতেই করণের চক্ষু চড়কগাছ! সেখানে শাহরুখের বদলে সোফায় আয়েশ করে বসে আছেন সলমন খান। সলমনকে দেখামাত্রই তাঁর সেই আইকনিক সংলাপ শোনা যায়- “স্বাগত নেহি করোগে হামারা?” এরপরই শুরু হয় আসল মজা। সলমন রসিকতা করে বলেন, “করণ জোহর… তুমি কী না করো! পরিচালক, প্রযোজক, সঞ্চালক, বিচারক, ফ্যাশন ডিজাইনার আবার অভিনেতাও!”
কথায় কথায় শাহরুখের প্রসঙ্গ আসতেই সলমন সপাটে প্রশ্ন করেন, “সব কিছুতে এই পক্ষপাতিত্ব কেন ভাই? তোমার প্রথম ছবিতে শাহরুখ, কফি উইথ করণের প্রথম এপিসোডেও শাহরুখ, আর এখানেও শো ওপেন করবে শাহরুখ? এটা হতে পারে না!”
রসিকতা করে সলমন সাফ জানিয়ে দেন, করণের কথা তিনি শুনবেন না। নিজের ‘ওয়ান্টেড’ ছবির স্টাইলে ভাইজান বলেন, “আমি জানি আমি কমিটমেন্ট করতে ভয় পাই। কিন্তু একবার যদি কথা দিয়ে ফেলি, তবে আমি নিজেরও শুনি না, তোমার তো ছেড়েই দাও। তাই এই শো আমিই আগে শুরু করব, শাহরুখ নয়।”
এরপর করণের সাহায্য নিয়েই নিজের জ্যাকেট ঠিক করে মঞ্চের দিকে হাঁটা দেন সলমন। স্ক্রিপ্টেড হোক বা না হোক, করণ আর সলমনের এমন মজাদার ভিডিয়ো আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সলমনের সেই পক্ষপাতিত্বের অভিযোগ যে স্রেফ মজার ছলে ছিল, তা বুঝতে কারও বাকি নেই।