Bigg boss Bangla: কেন ‘বিগ বস বাংলা’-য় গেলেন না কিরণ?

The Bong Guy: বিগ বস বাংলায় কি তবে আসছেন দ্য বং গাই? এই জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে এত বড় অফার ফিরিয়ে দিলেন কিরণ দত্ত! নেপথ্যে আসল কারণটা কী? শুধু তাই নয়, বিগ বসের বাকি প্রতিযোগীদের নিয়েও রীতিমতো বোমা ফাটালেন তিনি। তাঁর চোখে কে সেরা আর কেই বা সবথেকে ‘বোকা’? আসল সত্যিটা খোলসা করলেন খোদ কিরণ।

Bigg boss Bangla: কেন বিগ বস বাংলা-য় গেলেন না কিরণ?
কী বলেছেন তিনি?

Sep 18, 2026 | 1:18 PM

বিগ বস বাংলা শুরু হওয়ার আগে থেকেই একটা জল্পনা তুঙ্গে ছিল, কিরণ দত্ত কি আসছেন? তবে সোশাল মিডিয়ার এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি এই শোয়ের অংশ হচ্ছেন না। কিন্তু কেন বিগ বসের মতো এত বড় একটা প্রস্তাব ফিরিয়ে দিলেন দ্য বং গাই? এবার তার আসল কারণ নিজেই খোলসা করলেন কিরণ। বরাবরের মতোই মজার ছলে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের না যাওয়ার কারণ জানালেন তিনি।

কিরণের মজা করে বলেন, বিগ বসে যাওয়ার ইচ্ছে থাকলে অনেক আগে থেকেই তিনি ডেইলি ভ্লগিং শুরু করে দিতেন। পাশাপাশি বিগ বস হাউসের অন্দরের বর্তমান পরিস্থিতির কথাও টেনে আনেন তিনি। সৃজলার রান্নার প্রসঙ্গ তুলে মজার ছলে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “সৃজলা সব তরকারিতে উচ্ছে দিয়ে দিচ্ছে! তোমরা কি চাও যেচে আমি এই অত্যাচার সহ্য করি?” এখানেই শেষ নয়, উচ্ছের প্রতি তাঁর যে ঘোর অনীহা, সেটাও স্পষ্ট করে দিয়েছেন কিরণ। তিনি হাসতে হাসতে বলেন, তাঁকে উচ্ছে খেতে দেখলে তাঁর মা সোজা বিগ বসের নামে কেস ঠুকে দেবেন! মা বলবেন, “ওটা আমার ছেলে নয়, নিশ্চয়ই ওর সঙ্গে কিছু একটা করা হয়েছে।” বিগ বস হাউসের ভিতরে নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে না যাওয়ার পিছনে এই কারণটির কথাও উল্লেখ করেছেন তিনি।

সোশাল মিডিয়ায় কিরণের রোস্টিং বা কনটেন্ট দেখে অনেকের হয়তো মনে হতে পারে যে তিনি খুব ভালো ঝগড়া করতে পারেন। কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। বিগ বস হাউসের অন্যতম প্রতিযোগী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন কিরণ। তিনি মজা করে বলেন, “বিশ্বাস করুন, আমি নিজেকে অনিন্দ্যদার মধ্যেই খুঁজে পাচ্ছিলাম। ওঁকে দেখলেই মনে হয়, আমাদের দুজনের মেন্টাল হেলথ একেবারেই এক!”

শুধু বিগ বস নয়, বাংলায় আরও একটি নতুন কুকিং শো আসছে, সেটার প্রস্তাবও তিনি হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন একের পর এক শোয়ের অফার ফিরিয়ে দিচ্ছেন তিনি? এর উত্তরে কিরণ খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে, তিনি কোনও রিয়্যালিটি শোয়ের ম্যাটেরিয়াল নন। তাঁর কথায়, “আমি এরকম শোয়ে কোনও অবদান রাখতে পারব না।”

শুধু নিজের না যাওয়ার কারণ নয়, বিগ বসের বাকি প্রতিযোগীদের নিয়েও একের পর এক বোমা ফাটিয়েছেন বং গাই। এত জনের মধ্যে কিরণের সবচেয়ে প্রিয় প্রতিযোগী কে? উত্তরটা হল- দুর্নিবার। কিরণ মজা করে বলেন, বিগ বসের বাড়িতে আগুন লেগে গেলেও দুর্নিবার হয়তো শান্তিতে ওমলেট বানাবেন! আর গেমটা অন্তত বুঝছেন মাত্র দু’জন, রাজবীর আর জীতু। সব মিলিয়ে কিরণের চোখে বিগ বস বাংলা এখন আদ্যোপান্ত একটি কমেডি সার্কাস। যেখানে সবাই কেবল কাঁদছেন।

টেলিভিশন স্ক্রিনের গণ্ডিতে নিজেকে বাঁধতে তিনি কখনও রাজি নন, বরং নিজের মতো করে কনটেন্ট বানাতেই ভালোবাসেন। কিরণের এই মজাদার ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিগ বসের অফার ফিরিয়ে দিলেও, নিজের স্বভাবসিদ্ধ রসবোধ দিয়ে অনুরাগীদের মন আরও একবার জয় করে নিলেন দ্য বং গাই।

Loading...
Unable to load recommendations.
Follow Us