‘টিআরপি না বাড়লে…’, রান্নাঘর’ থেকে কেন বাদ কনীনিকা? মুখ খুললেন অভিনেত্রী
কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল 'রান্নাঘর'-শোয়ের সঞ্চালনার দায়িত্বে। তবে এবার আর এই শোয়ে দেখা যাবে না কনীনিকাকে। বিশ্বনাথ বসুকে নিয়ে হচ্ছে প্রোমো শুট। লক্ষণীয় কনীনিকার আগে এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এবার বিশ্বনাথকে শাশুড়ি সেজে দেখা যাবে, এই শো হোস্ট করতে।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল ‘রান্নাঘর’-শোয়ের সঞ্চালনার দায়িত্বে। তবে এবার আর এই শোয়ে দেখা যাবে না কনীনিকাকে। বিশ্বনাথ বসুকে নিয়ে হচ্ছে প্রোমো শুট। লক্ষণীয় কনীনিকার আগে এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এবার বিশ্বনাথকে শাশুড়ি সেজে দেখা যাবে, এই শো হোস্ট করতে।
কেন শোয়ের সঙ্গে বিচ্ছেদ কনীনিকার? টিভি নাইন বাংলার কাছে মুখ খুললেন কনীনিকা। তাঁর কথায়? ”আমি প্রায় দেড় বছর করলাম এই শো। খুব ভালো অভিজ্ঞতা। এই সময়ে টিআরপি একই রকম থেকেছে। মাঝে একটা সময় টিআরপি অল্প বেড়েছিল। তবে সেটা আবার কমে। যে কোনও টেলিভিশন শো ব্যবসায়িক কারণেই করা হয়। চ্যানেল শোয়ের সব কিছু বদলাতে চাইছে, টিআরপি যাতে বাড়ে সেই কারণে। এই শোয়ে কমেডি যোগ করতে চাইছে। আর এখন মোবাইলে প্রতি মুহূর্তে রান্নার ভিডিয়ো দেখছি আমরা। তাই একটা এপিসোডে দু’টো করে রান্না দেখার জন্য, কতজন বসে থাকবেন, সেটা একটা প্রশ্ন। সব মিলিয়ে পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটাকে স্বাগত জানাচ্ছি আমি।”
এদিকে ‘রান্নাঘর’ থেকে কনীনিকা যেমন সরছেন, তেমনই ‘দিদি নম্বর ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার আর একজন নায়িকাকে নিয়ে এবার চ্যানেল সেই শো করবে। লক্ষণীয়, বার্কের নির্দিষ্ট গ্রুপে সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর রেটিং ১.১। তাই রচনা থাকা অবস্থাতেও, রেটিং যে বিশেষ ভালো নয়, তা বোঝা যায়। অন্যদিকে ‘দাদাগিরি’ শো ছেড়ে চলে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসাবে দেখা যাবে।
