
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিক নতুন করে প্রাণ পেয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর শ্বেতা মিশ্রর উপস্থিতিতে। প্রথমে এই ধারাবাহিকে দেখা যেত মধুমিতা সরকার আর নীল ভট্টাচার্যকে। তারপর তাঁদের অংশের গল্প শেষ হয়ে যায়। ধারাবাহিকের নতুন কিছু পর্বের গল্প শুরু হয় রাহুল আর শ্বেতাকে নিয়ে।
কিছুদিন আগে ধারাবাহিকে তাঁদের বিয়ে দেখানো হয়েছে। গতকাল সমুদ্রে তলিয়ে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আগে পর্যন্ত ধারাবাহিকে হানিমুনের দৃশ্যের শুটিং চলছিল। রাহুল-শ্বেতার রোম্যান্টিক দৃশ্য ছিল। আজ এই ধারাবাহিকের সম্প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটায়। সামনে ক’ দিনের জন্য ধারাবাহিকের এপিসোডের ব্যাঙ্কিং থাকলেও, তারপর কী হবে?
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, প্রযোজকরা এমন মর্মান্তিক ঘটনার পর এই ধারাবাহিক আর করতে চাইছেন না। তবে এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি এখনও। এবার এই ব্যাপারে চ্যানেল কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখার অপেক্ষা। চ্যানেলের তরফে দু’ রকম সিদ্ধান্ত হতে পারে। তারা ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। অথবা অন্য কোনও প্রযোজনা সংস্থা এই ধারাবাহিকের দায়িত্ব নিতে পারে, যদি শেষ অবধি বর্তমান প্রযোজনা সংস্থা ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে চায়। যদি কোনওভাবে এই ধারাবাহিক চলতে থাকে, তা হলে রাহুলের চরিত্রটিতে কে অভিনয় করবেন, সেটা জানার অপেক্ষা থাকবে। তবে এই ব্যাপারে নাকি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও পর্যন্ত।
দর্শকের একাংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে লিখছেন, রাহুল না থাকলে, তাঁদের আর এই ধারাবাহিক দেখার ইচ্ছা থাকবে না। বাংলার নামী বিনোদন চ্যানেল কি এই ধারাবাহিক এগিয়ে নিয়ে যাবেন, নাকি বন্ধ করবেন, এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও, কোনও উত্তর আসেনি।