
অযোধ্যা: রাম মন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা চুরি (Ram Mandir Donation Theft)। এই ঘটনার পরই কড়াকড়ি হয়েছে রাম মন্দিরে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে অনুদান থেকে শুরু করে নিরাপত্তা- সমস্ত ক্ষেত্রে কড়া নিয়ম চালু করল। চালু হয়েছে নতুন ড্রেসকোডও (Dress Code)।
সবথেকে বড় বদল আনা হয়েছে রাম মন্দিরে জমা পড়া অনুদান নিয়েই। সূত্রের খবর, এবার থেকে টাকা গণনার ঘরে ঢোকার আগে কর্মীদের বাধ্যতামূলকভাবে দুই স্তরের নিরাপত্তা স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। রাম মন্দিরের যে কর্মীরা টাকা গোনার দায়িত্বে থাকবেন, তাদের গাঢ় নীল রঙের ইউনিফর্ম পরতে হবে। ওই ইউনিফর্মে কোনও পকেট থাকবে না। ইউনিফর্ম এমনভাবেই ডিজাইন করা হয়েছে, যাতে কর্মীরা নগদ টাকা বা দামি কোনও জিনিস চুরি করে নিতে না পারেন।
মন্দিরে জমা পড়া অনুদান গোনার পদ্ধতিও বদলে দেওয়া হয়েছে। কর্মীদের এবার থেকে চেয়ার-টেবিলের বদলে মাটিতে বসে টাকা গুনতে হবে। মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ বা ব্যক্তিগত অন্য কোনও জিনিস ভিতরে নিয়ে যাওয়া যাবে না। তারা জুতো পরেও ঢুকতে পারবেন না।
রাম মন্দিরে অনুদান বাক্স থেকে টাকা চুরির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। জানা গিয়েছে, সিট এবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অ্যাকাউন্টের অডিট করবে। তারা বিগত পাঁচ বছরের আর্থিক লেনদেন- মন্দির নির্মাণের খরচ থেকে শুরু করে ভক্তদের কাছ থেকে পাওয়া টাকা, সোনা, রুপো ও অন্যান্য মূল্যবান বস্তুর হিসাব করে দেখবে।