Donald Trump: ভারতীয় পণ্যে শুল্ক কমানো নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, পাল্টা কী বললেন মোদী?

Donald Trump on India-US trade deal: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরই এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মোদী ও ট্রাম্পের কথা ও বাণিজ্যচুক্তি নিয়ে এখনও ভারতের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Donald Trump: ভারতীয় পণ্যে শুল্ক কমানো নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, পাল্টা কী বললেন মোদী?
ফাইল ফোটোImage Credit source: X handle

Feb 02, 2026 | 11:53 PM

ওয়াশিংটন ও নয়াদিল্লি: অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেন ট্রাম্প। আর এই বাণিজ্যচুক্তির ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হচ্ছে। একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির ফলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছে ভারত। আমেরিকা থেকে ভারত ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এনার্জি ও প্রযুক্তি-সহ অন্য জিনিস কিনবে। ভারতীয় পণ্যে শুল্ক কমানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন রাষ্ট্রদূতের ওই বার্তার পরই দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশ সম্মত হয়েছে। এর ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছে ভারত। তার পরিবর্তে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তা কিনবে।

ভারতীয় পণ্যে শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারতের পণ্যের উপর শুল্ক কমে ১৮ শতাংশ করা হচ্ছে জেনে আনন্দিত। এই ঘোষণার জন্য ভারতের ১.৪ বিলিয়ন নাগরিকের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। শান্তির জন্য তাঁর প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে।”

ভারতের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘সবার প্রথমে দেশের স্বার্থ’। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আমেরিকা। ভারত নিজের অবস্থানে অনড় থাকায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা করেন ট্রাম্প। তাতেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ভারত। দেশবাসীকে ভারতীয় পণ্য ব্যবহার বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী।