Anurag Thakur: ‘কামনা করি তারা…’, মন্ত্রিসভা থেকে বাদ পড়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুর

Anurag Thakur: পঞ্চমবারের মতো হিমাচল প্রদেশের হামিরপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ১ লক্ষ ৮২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু, নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় জায়গা হল না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

Anurag Thakur: কামনা করি তারা..., মন্ত্রিসভা থেকে বাদ পড়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুর
তৃতীয় মোদী মন্ত্রিসভায় জায়গা হল না অনুরাগ ঠাকুরের Image Credit source: PTI

Jun 09, 2024 | 7:42 PM

নয়া দিল্লি: তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কংগ্রেসের সতপাল রায়জাদাকে পরাজিত করে, টানা পঞ্চমবারের মতো হিমাচল প্রদেশের হামিরপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ১ লক্ষ ৮২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। যদিও, জয়ের ব্যবধান গতবারের তুলনায় অনেকটাই কমেছে। ২০১৯-এ তিনি প্রায় ৪ লক্ষ ভোটে জিতেছিলেন। রবিবার (৯ জুন), মন্ত্রিসভা থেকে বাদ পড়া নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। তিনি নিজে না মন্ত্রী হলেও, সম্ভাব্য সমস্ত মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মন্ত্রিসভায় নিজের স্থান না পাওয়ার নিয়ে তিনি বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর তৃতীয় মেয়াদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁর সমস্ত মন্ত্রীদেরও আন্তরিক শুভেচ্ছা জানাই। কামনা করি, তারা চমৎকার কাজ করবেন এবং আগামী ৫ বছরে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।” বিদায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানিয়েছেন, মন কি বাত-এর সঙ্গে যুক্ত বহু মানুষ এদিন মোদী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন। অনুরাগ ঠাকুর বলেন, “যে সমস্ত মহান ব্যক্তিরা বিকশিত ভারত অভিযান চালাচ্ছেন তারা এখানে আছেন। আমার সৌভাগ্য যে তাঁরা আমার বাসভবনে এসেছেন। আমরা এখান থেকে শপথ অনুষ্ঠানে যাব।”

রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ করছে মোদী মন্ত্রিসভা। তার আগে, এদিন সকালে প্রধানমন্ত্রীর বাসবভন, ৭ লোক কল্যাণ মার্গে, এনডিএ নেতাদের নিয়ে নরেন্দ্র মোদী এক চা চক্রের আয়োজন করেছিলেন। সেই চা চক্রে, নয়া মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রীদেরই ডাকা হয়ছিল। তবে, এই চা চক্রে দেখা পাওয়া যায়নি, প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুরের। সেই থেকেই স্পষ্ট হয়ে যায়, গত দুই সরকারের গুরুত্বপূর্ণ এই দুই মন্ত্রী এবার আর মোদী মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন না। আসলে, এই বছরের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমেছে। সরকার গঠনের জন্য বিজেপিকে নির্ভর করতে হচ্ছে এনডিএ-র শরিক দলগুলির উপর। আর সেই জোট-ধর্ম বজায় রাখতে গিয়ে, শরিকদের অনেকগুলি মন্ত্রক দিতে হচ্ছে। সেই কারণেই, বিগত মন্ত্রিসভার সবাইকে ২০২৪-এর মন্ত্রিসভায় জায়গা দেওয়া যাচ্ছে না।

Follow Us