Ashwini Vaishnaw: মোদীর আমলে এই রাজ্য এত রেললাইন পেয়েছে, যা শ্রীলঙ্কাতেও নেই: রেলমন্ত্রী
Ashwini Vaishnaw: ২০২৪ সলের লোকসভা এবং ওড়িশা বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে সরাসরি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে, নবীন পট্টনায়ক সরকারকে কোণঠাসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।

ভুবনেশ্বর: এনডিএ জোটের সদস্য না হয়েও, গত ১০ বছরে সংসদে বিভিন্ন ক্ষেত্রেই মোদী সরকারকে সমর্থন করেছে বিজু জনতা দল বা বিজেডি। ওড়িশায় দুই দলের মধ্যে বিরোধ থাকলেও, সর্বভারতীয় স্তরে দুই দলের নেতাদের সাধারণত একে অন্যের বিপক্ষে ততটা আগ্রাসী ভূমিকায় দেখা যায় না। পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ রয়েছে। কিন্তু, ২০২৪ সলের লোকসভা এবং ওড়িশা বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে সরাসরি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নবীনের স্বাস্থ্যের অবনতির প্রসঙ্গও তুলেছেন প্রধানমন্ত্রী। এবার রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে, নবীন পট্টনায়ক সরকারকে কোণঠাসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। রাজ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে, বিজেডি-র অভিযোগের জবাব দিয়েছেন তিনি।
কোনও ফাঁপা দাবি নয়, এদিন, সোশ্যাল মিডিয়ায় দুটি পরিসংখ্যান ভাগ করেছেন অশ্বিনী বৈষ্ণব। একটিতে, তিনি রাজ্যে টেলি-যোগাযোগ সম্পর্কিত পরিসংখ্যান ভাগ করে নিয়েছেন। অন্যটিতে জানিয়েছেন, রাজ্য়ে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ কীভাবে ঘটেছে। এই দুই পরিসংখ্যানের জোরে তিনি বিজেডির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ করেছেন।
দশ বছরে ২০ হাজার নতুন টাওয়ার
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, বিজেডি দাবি করেছে, ওড়িশার টেলি যোগাযোগ পরিস্থিতি খারাপ। কিন্তু তথ্য বলছে, ২০১৪ সালে ওড়িশায় টেলিকম টাওয়ারের সংখ্যা ছিল ৭,৫৬২টি। ২০২৪ সালে টাওয়ারের সংখ্যা ২৮,২৭৪-এ পৌঁছেছে। অর্থাৎ, ১০ বছরে ৩.৭৪ গুণ বেড়েছে টাওয়ারের সংখ্যা।
BJD says poor telecom connectivity!
Truth: 2014: Towers in Odisha = 7,562 2024: Towers in Odisha = 28,274 (3.74 times)
— Ashwini Vaishnaw (मोदी का परिवार) (@AshwiniVaishnaw) May 30, 2024
দশ বছরে রেললাইন বেড়েছে শ্রীলঙ্কার থেকেও বেশি
রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পর্কে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিজেডির দাবি অনুযায়ী, গত ৬ বছরে ওড়িশায় কোনও নতুন রেললাইন স্থাপন করা হয়নি। অথচ সত্যিটা হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়াদে, গত ১০ বছরে, ওড়িশায় ১,৮২৬ কিলোমিটার নতুন রেলপথ তৈরি করা হয়েছে। যা শ্রীলঙ্কার সামগ্রিক রেলওয়ে নেটওয়ার্কের থেকেও বেশি বলে দাবি করেছেন রেলমন্ত্রী।
BJD says “No new railway line built in the last 6 years”.
Truth: PM @narendramodi Ji has built 1,826 km railway lines in Odisha in the last 10 years. This is more than the entire railway network of Sri Lanka.
— Ashwini Vaishnaw (मोदी का परिवार) (@AshwiniVaishnaw) May 30, 2024
শনিবারই (১ জুন), লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ। ৮ রাজ্যের ৫৭টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ওড়িশার ৬টি আসনেও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। ওড়িশায় লোকসভা নির্বাচনের আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি, রাজ্যের ক্ষমতা দখলের জন্যও মরিয়া বিজেপি।
