Vikram-1 Launch: সকাল সাড়ে ১১টায় ইতিহাসের সাক্ষী হবে ভারত, মহাকাশে পাড়ি দেবে প্রথম বেসরকারি রকেট ‘Vikram-1’
Mission Aagaman: বিক্রম-১ হল ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট, যা উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার জন্য তৈরি করা হয়েছে। এটি সরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে মহাকাশ কর্মসূচি থেকে বেসরকারি শিল্পের অংশগ্রহণের নতুন অধ্যায়ের সূচনা করবে।

শ্রীহরিকোটা: মহাকাশে আরও এক ইতিহাস লেখার পথে ভারত। আজ, ১৮ জুলাই উৎক্ষেপণ হবে দেশের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষপথে স্যাটেলাইট স্থাপনকারী উৎক্ষেপণযান ‘বিক্রম-১’ (Vikram-1)। আজ সকাল ১১টা ৩০ মিনিটে, স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘বিক্রম-১’ (Vikram-1) উৎক্ষেপণ করবে। ভারতের এই মহাকাশ অভিযান নিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-ও।
বিক্রম-১ অনেক দিক থেকেই বিশেষ। চার ধাপবিশিষ্ট এই রকেটটি দ্রুত এবং চাহিদা অনুযায়ী (অন-ডিমান্ড) উপগ্রহ উৎক্ষেপণ ও স্থাপন করার জন্যই তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহাকাশ অভিযান নিয়ে লিখেছেন, “এই মিশন আমাদের দেশের তরুণদের প্রতিভা, দৃঢ় সংকল্প এবং উদ্যোগ নেওয়ার মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। পাশাপাশি এটি প্রমাণ করে যে মহাকাশ খাতে সরকারের সংস্কারমূলক পদক্ষেপ কীভাবে উদ্ভাবন এবং উদ্যোগের জন্য নতুন নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে।”
A historic new frontier for India’s space journey!
At 11:30 AM today, Skyroot Aerospace will undertake the maiden orbital launch of Vikram-1, India’s first privately developed launch vehicle.
This four-stage rocket is designed to provide rapid and on-demand launch services.… pic.twitter.com/1qFVTwNOuZ
— Narendra Modi (@narendramodi) July 18, 2026
জানা গিয়েছে, আজ সকাল ১১টা ৩০ মিনিটে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে স্কাইরুট অ্যারোস্পেসের (Skyroot Aerospace) ‘বিক্রম-১’ (Vikram-1) রকেট। ‘মিশন আগমন’ (Mission Aagaman)-এর মাধ্যমে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পে একাধিক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে।
এই মিশনের প্রধান বিশেষত্বগুলি হল-
-
ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষপথগামী রকেট-
বিক্রম-১ হল ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট, যা উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার জন্য তৈরি করা হয়েছে। এটি সরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে মহাকাশ কর্মসূচি থেকে বেসরকারি শিল্পের অংশগ্রহণের নতুন অধ্যায়ের সূচনা করবে।
-
ভারতীয় মহাকাশ স্টার্টআপের প্রথম কক্ষপথে পৌঁছানোর চেষ্টা-
‘মিশন আগমন’ স্কাইরুট অ্যারোস্পেসের প্রথম কক্ষপথগামী পরীক্ষামূলক রকেট। এই প্রথম কোনও ভারতীয় বেসরকারি মহাকাশ সংস্থা নিজস্ব রকেটের মাধ্যমে কক্ষপথে পৌঁছানোর চেষ্টা করছে। ফলে আজকের মিশন খুবই গুরুত্বপূর্ণ।
-
ভারতের প্রথম সম্পূর্ণ কার্বন কম্পোজিট কক্ষপথগামী রকেট-
বিক্রম-১ সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি ভারতের প্রথম কক্ষপথগামী রকেট। এই রকেটের অভ্যন্তরীণ ও বাইরের কাঠামোর উপাদান প্রচলিত রকেট-গ্রেড ইস্পাতের তুলনায় হালকা ও বেশি মজবুত, ফলে রকেটের কর্মক্ষমতা বাড়ে অনেকটাই।
-
ভারতের প্রথম ১০০ শতাংশ ৩ডি-প্রিন্টেড ইঞ্জিনযুক্ত কক্ষপথগামী রকেট-
বিক্রম-১-এর অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউলটি সম্পূর্ণ থ্রিডি (3D Printed)-প্রিন্টেড তরল জ্বালানি চালিত ইঞ্জিনে চলবে। কক্ষপথে উপগ্রহ স্থাপনকারী রকেটে এই ধরনের ইঞ্জিন এই প্রথম ব্যবহার করা হচ্ছে।
-
ভারতের দীর্ঘতম মনোলিথিক কার্বন কম্পোজিট রকেট স্টেজ-
বিক্রম-১-এর প্রথম ধাপটি দেশের দীর্ঘতম মনোলিথিক কার্বন কম্পোজিট রকেট স্টেজ। এটি দেশীয় কম্পোজিট উৎপাদন প্রযুক্তি ও মহাকাশ অভিযানে ভারতের অগ্রগতির প্রমাণ।
-
ভারতে প্রথম অত্যাধুনিক আল্ট্রা-লো-শক নিউম্যাটিক সেপারেশন সিস্টেম-
বিক্রম-১-এ এমন একটি আল্ট্রা-লো-শক নিউম্যাটিক সেপারেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ভারতের রকেট প্রযুক্তিতে প্রথম। এই প্রযুক্তির সাহায্যে রকেটের বিভিন্ন ধাপ অত্যন্ত কম কম্পন ও ধাক্কায় নিরাপদে আলাদা করা যায়।
