
নয়া দিল্লি: ইরান-আমেরিকার সংঘাতের জেরে জ্বালানি সঙ্কট বিশ্ব জুড়ে। ভারতও এই উদ্বেগ থেকে বাদ নেই। দেশবাসীর চিন্তা কমিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। রবিবার কেন্দ্রের তরফে কেরোসিন (Kerosene) সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হল। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছয়, কোনও রকম ঘাটতি বা সঙ্কট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দেওয়া হল।
রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, PDS-এর মাধ্যমে কেরোসিন (SKO) পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ ২টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র।
২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্না ও জ্বালানির জন্য কেরোসিন সরবরাহ করা হবে। পাবলিক সেক্টর অয়েল কোম্পানিগুলি এবার রিটেল চ্যানেলের মাধ্যমে কেরোসিন বন্টন বা ডিস্ট্রিবিউশন করতে পারবে। আগামী ৬০ দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে। এজেন্ট/ডিলারদের কেরোসিন বিতরণের জন্য আলাদা লাইসেন্স (Form 18) নেওয়ার প্রয়োজন নেই।
কেরোসিন বহনকারী ট্যাঙ্কারগুলির জন্যও নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কেরোসিন পরিবহনের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে। তবে এও জানিয়ে দেওয়া হয়েছে যে কেরোসিন শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে।
গৃহস্থের বাড়িতে ব্যবহারের জন্য প্রতিটি রিটেল স্টেশনে সর্বাধিক ২৫০০ লিটার কেরোসিন সংগ্রহ করে রাখা যাবে বলে জানানো হয়েছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে কঠোরভাবে কেন্দ্রের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম অ্যাক্ট ১৯৩৪ ও ২০০২-র অধীনে সুরক্ষা ও লাইসেন্সের নিয়মে ছাড় দিতে পারে।