Gold Ring Gift to Newborns: সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই সোনার আংটি দেবে সরকার, বিরাট ঘোষণা
TVK Government Announcement: সন্তান জন্মগ্রহণের পর মামাবাড়ি থেকে নবজাতককে সোনার কিছু উপহার দেওয়া হয়। রাজ্যের নবজাতকদের 'মামা' হবেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারের তরফে এক গ্রামের সোনার আংটি দেওয়া হবে সেই সকল নবজাতকদের, যারা রাজ্যের কোনও সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করবে।

চেন্নাই: সন্তান জন্মগ্রহণ করলে এখন আর শুধু পরিবার-পরিজনরাই নয়, সোনা (Gold) দেবে রাজ্য সরকারও। কথা দিয়ে কথা রাখল রাজ্য সরকার (State Government)। নবজাতককে সোনা উপহার দেওয়া হবে এবার রাজ্য় সরকারের তরফে। ক্ষমতায় আসতেই বিজয়ের নতুন সরকার এই ঘোষণা করল।
তামিলনাড়ুতে ডিএমকে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে (TVK)। মুখ্যমন্ত্রী বিজয় (CM Vijay) ভোট প্রতিশ্রুতিতে বলেছিলেন, তাঁর দল ক্ষমতায় আসলে সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করা নবজাতকদের সোনার আংটি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই তামিলনাড়ু সরকার চালু করতে চলেছে “থাই মামান গোল্ড রিং স্কিম”।
তামিলনাড়ুতে রীতি আছে, সন্তান জন্মগ্রহণের পর মামাবাড়ি থেকে নবজাতককে সোনার কিছু উপহার দেওয়া হয়। রাজ্যের নবজাতকদের ‘মামা’ হবেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারের তরফে এক গ্রামের সোনার আংটি দেওয়া হবে সেই সকল নবজাতকদের, যারা রাজ্যের কোনও সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করবে।
মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন, ২২ জুন থেকেই এই প্রকল্পের সূচনা হয়েছে। তবে ১৫ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে। ২২ জুন থেকেই সরকারি হাসপাতালে জন্মানো শিশুরা এক গ্রামের সোনার আংটি পাবে সরকারের তরফে। আংটির আনুমানিক বাজারমূল্য ১৩ থেকে ১৪ হাজার টাকা।
রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী দ্রুত টেন্ডার পাশের নির্দেশ দিয়েছেন।
তামিলনাড়ুতে আগেও বিভিন্ন রাজনৈতিক নেতার জন্মদিনে সরকারি হাসপাতালে গিয়ে নবজাতকদের সোনার আংটি দেওয়ার চল থাকলেও, এই প্রথম রাজ্য সরকার কোনও প্রথাকে সরকারি স্কিমের অন্তর্ভুক্ত করল।
