
নয়া দিল্লি: রাজধানী উত্তাল ইন্ডিয়া জোটের সাংসদদের বিক্ষোভে। দিল্লির যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের সদর দফতরে যাওয়ার চেষ্টা করছেন বিরোধী সাংসদরা। তবে তার আগেই অশোকা রোড ব্যারিকেড টেনে বন্ধ করে দেয় পুলিশ। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করার চেষ্টা করে পুলিশ। রাস্তায় শুয়ে পড়ে অবস্থান বিক্ষোভ করছেন প্রিয়ঙ্কা গান্ধী। আটক করা হয়েছে রাহুল গান্ধীকে। চ্যাংদোলা করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। বিরোধী দলগুলির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।
দিল্লিতে এখন চরম উত্তেজনা। নির্বাচন কমিশনে গিয়ে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি জানাতে চায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তারা যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছিল। সেখান থেকে কমিশনে যাওয়ার পথেই তুমুল উত্তেজনা। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করার চেষ্টা করে পুলিশ। রাস্তায় শুয়ে পড়েন প্রিয়ঙ্কা। তাঁকে ঘিরে রেখেছিল কংগ্রেসের মহিলা কর্মীরা। পুলিশ তাদের সরিয়ে, প্রিয়ঙ্কাকে রাস্তা থেকে তোলার চেষ্টা করে। হাতে সংবিধান ধরে আছেন প্রিয়াঙ্কা। কার্যত বাস থেকে ঝুলছেন তিনি।
অন্যদিকে, রাহুল গান্ধীকেও আটক করা হয় আজ। পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় রাহুলের। নিজের দাবিতে অনড় ছিলেন রাহুল। পরে পুলিশ তাঁকে চ্যাংদোলা করে বাসে তুলে নিয়ে যায়।
জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছে বিরোধীরা। গতকাল থেকেই দিল্লিতে বিক্ষোভ-আন্দোলন চলছে। গতকাল নির্বাচন কমিশনে পৌঁছনোর জন্য আকাশবাণী ভবনে ঢুকে পড়েন রাহুল-প্রিয়ঙ্কা। প্রায় পাঁচ ঘণ্টা ভিতরে বসেছিলেন তারা। পরে পুলিশ তাদের জোর করে বের করে। আজ, বুধবার দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অন্যান্য বিরোধী সাংসদদের নামেও এফআইআর দায়ের হয়েছে গতকালের বিক্ষোভ কর্মসূচির জন্য।
পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন যে এফআইআর তাঁর কাছে মেডেলের মতো। তাঁর নামে ১০০টি এফআইআর হোক, চান রাহুল। কংগ্রেস সাংসদ বলেন, “৪৫টি এফআইআর রয়েছে আমার নামে। আমি চাই ১০০টি এফআইআর হোক আমার নামে। প্রতিটা এফআইআর আমার কাছে মেডেলের মতো।”
গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে পা মিলিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দেন অখিলেশ যাদব, জয়া বচ্চন, সুপ্রিয়া সুলে থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলগুলির সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে প্রথমবার বিজেডি-ও যোগ দেয় মিছিলে। আজ চমকপ্রদভাবে ইন্ডিয়া জোটের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে আম আদমি পার্টিও।