
নয়া দিল্লি: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির খুনে অভিযুক্ত তথা জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে ফেরত আনা হল। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাতেও অভিযুক্ত অনমোল বিষ্ণোই। আমেরিকা থেকে সোজা দিল্লিতে আনা হয় অনমোল বিষ্ণোইকে। তাঁকে সোজা দিল্লির পাটিয়ালা হাউসে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর থেকে।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি, গায়ক সিধু মুসেওয়ালার খুনে প্রধান অভিযুক্ত অনমোল বিষ্ণোই। একের পর এক অপরাধ ঘটানোর পর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই ভুয়ো পাসপোর্ট বানিয়ে পালিয়ে যায়। ভানু প্রতাপ নামে বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিল। নকল পাসপোর্টে ফরিদাবাদের সেক্টর ৮২-র ঠিকানা দেওয়া।
মহারাষ্ট্র কোর্ট থেকে অ-জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট ও ইন্টারপোল থেকে রেড কর্নার নোটিস জারি করার পর ২০২৪ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়া থেকে অনমোল বিষ্ণোইকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার আমেরিকা থেকে অনমোল বিষ্ণোইকে ডিপোর্ট করা হয়। আজ, বুধবার দুপুরে ভারতে আনা হয় তাঁকে। ভারতে অবতরণের পর এনআইএ তাঁকে গ্রেফতার করে। স্বাস্থ্য চেকআপের পর তাঁকে আদালতে নিয়ে যাাওয়া হয়। জানা গিয়েছে, এনআইএ ১৪ দিনের হেফাজত চাইবে।
অনমোল বিষ্ণোইকে জেরার সূত্র ধরেই পুলিশ এরপর মুম্বই, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানায় গ্যাংস্টারদেরও জেরা করবে। অনমোল একাধিক মামলায় অভিযুক্ত। এরমধ্যে পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার খুন, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুন অন্য়তম। সলমনের বাড়ির বাইরে গুলি চালানোতেও প্রধান অভিযুক্ত অনমোলই।