Thak Thak Gang: রাজধানীতে ‘ঠক ঠক গ্যাং’! অভিনব কায়দায় গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে চম্পট দেয় এই দল

Delhi: দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ আসে। তারই ভিত্তিতে তদন্তে নামে বিশেষ টিম।

Thak Thak Gang: রাজধানীতে ঠক ঠক গ্যাং! অভিনব কায়দায় গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে চম্পট দেয় এই দল
প্রতীকী চিত্র

| Edited By: সায়নী জোয়ারদার

Oct 17, 2022 | 9:30 PM

নয়া দিল্লি: ফের দিল্লিতে ‘ঠক ঠক’ গ্যাংয়ের সক্রিয়তা। সম্প্রতি দিল্লি পুলিশ (Delhi Police) চারজনকে হাতেনাতে ধরেছে। গাড়ি থেকে ল্যাপটপ ও অন্য়ান্য জিনিস চুরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে। দিল্লির শাকারপুর থেকে এই গ্রেফতারি। ধৃতদের নাম রাজু (৫৪), কারুপা স্বামী (৩৭), মূর্তি (২৪) এবং দিনাথায়ালন (২৪)।

দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ আসে। তারই ভিত্তিতে তদন্তে নামে বিশেষ টিম। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে চারজনের খোঁজ পায় তারা। এরপরই ডেরায় হানা দিয়ে চারজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে ধৃতরা জানিয়েছে, গাড়ির কাচ ভেঙে ল্যাপটপ ও অন্যান্য জিনিস চুরি করে। চারজনেরই বাড়ি তামিলনাড়ুতে। যদিও তাঁরা বর্তমানে দিল্লিনিবাসী।

ঘর ভাড়া নিয়ে থাকেন রাজধানীতে। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে তারা জানিয়েছে, এই একই কায়দায় তারা আগেও চুরি করেছে। মূলত গাড়ি থেকে ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী চুরি করে তা বিক্রি করাই তাদের কাজ। তাদের আস্তানা থেকে চারটি চোরাই ল্যাপটপ, ল্যাপটপের ব্যাগ উদ্ধার হয়েছে।

দ্বারকা জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ বা ডিসিপি এম হর্ষবর্ধন বলেন, “১৬ অক্টোবর আমাদের কাছে খবর আসে দ্বারকা ও স্থানীয় জেলাগুলিতে ঠক ঠক গ্যাংয়ের সক্রিয়তা বেড়েছে। এরপরই শাকুরপুরে হানা দেয় টিম। জেরার সময় গ্যাংয়ের সদস্যরা স্বীকার করেছে বিভিন্ন তারিখে তারা এই ঘটনা ঘটিয়েছে।” জানা গিয়েছে, গাড়ি কোথাও দাঁড়িয়ে থাকলে এই গ্যাংয়ের সদস্যরা গাড়ির কাচে ঠক ঠক করতে থাকে। কী হয়েছে তা বুঝতে চালক যেই গাড়ি থেকে নামেন, ততক্ষণে সামনে থেকে ছুটে এসে গাড়ির ভিতরে থাকা ল্যাপটপ বা হাতের কাছে যা পায় নিয়ে পালায় ওই গ্যাং।

Follow Us