Fire in Maha Kumbh: আবার আগুন লাগল মহাকুম্ভে, দাউ দাউ করে জ্বলছে তাঁবু, ছুটল দমকল
Maha Kumbh: প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮-এ আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে।

প্রয়াগরাজ: মহাকুম্ভে ফের মহা বিপত্তি। আবার আগুন লাগল মহাকুম্ভে। প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮-এ আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে, আজ কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮, শঙ্করাচার্য মার্গের বড় তাঁবুতে আগুন লাগে। কালো ধোঁয়া নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ-দমকলে। দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু হয়। মাইকিং করে মেলা প্রাঙ্গণের ওই চত্বরও ফাঁকা করে দেওয়া হয়।
মহাকুম্ভে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর যোগেশ চতুর্বেদী বলেন, “ওল্ড জিটি রোডে তুলসী মোড়ের কাছে একটি ক্য়াম্পে আগুন লেগেছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
#WATCH | Prayagraj | The fire that broke out in Sector 18, Shankaracharya Marg of Maha Kumbh Mela Kshetra, has been doused and brought under control. Fire tenders are at the spot pic.twitter.com/58XW9iUzIG
— ANI (@ANI) February 7, 2025
এর আগেও দুইবার আগুন লেগেছিল মহাকুম্ভে। প্রথমবারের অগ্নিকাণ্ডে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি না হলেও, মৌনি অমাবস্যার পর দ্বিতীয়বার যে আগুন লেগেছিল, তাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেকগুলি তাঁবু পুড়ে গিয়েছিল।
উত্তর প্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মহাকুম্ভে ৩৯৭.৪ মিলিয়ন অর্থাৎ ৩৯ কোটিরও বেশি পুণ্যার্থী মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহাকুম্ভে ডুব দেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে পুণ্যস্নান রয়েছে।

