Delhi Airport : দিল্লি বিমানবন্দরে ইমার্জেন্সি, রানওয়েতে ছুটল দমকল, টানটান উত্তেজনা

Delhi Airport Emergency : জানা গিয়েছে, শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর ৬ই ৫৭৯ নম্বর বিমানটি। ওই বিমানে মোট ১৬১ জন যাত্রী ছিলেন। সকাল ১০টা ৫৩ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণের খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানওয়েতে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তৎক্ষণাৎ ইমার্জেন্সির ঘোষণা করা হয়।

Delhi Airport : দিল্লি বিমানবন্দরে ইমার্জেন্সি, রানওয়েতে ছুটল দমকল, টানটান উত্তেজনা
বিমানের জরুরি অবতরণImage Credit source: Tv9 Bangla

Mar 28, 2026 | 1:01 PM

নয়াদিল্লি : দিল্লি বিমানবন্দরে ইমার্জেন্সি ঘোষণা। বিমানের জরুরি অবতরণ ঘিরে চূড়ান্ত তৎপরতা তৈরি হয়। রানওয়েতে পৌঁছয় দমকল বাহিনী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, নিরাপত্তা কর্মীরা। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে,বিশাখাপত্তনম থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর বিমানটি। হঠাৎ ওই বিমানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে খবর। তারপরই ইমার্জেন্সি ঘোষণা করে দিল্লি বিমানবন্দর।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর ৬ই ৫৭৯ নম্বর বিমানটি। ওই বিমানে মোট ১৬১ জন যাত্রী ছিলেন। সকাল ১০টা ৫৩ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণের খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানওয়েতে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তৎক্ষণাৎ ইমার্জেন্সির ঘোষণা করা হয়। দমকলের পাশাপাশি রানওয়েতে পৌঁছয় অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মীরা। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়।

ঘড়িতে তখন প্রায় ১১টা। উদ্বেগ রীতিমতো বাড়ছিল। তারপরই দিল্লির আকাশে বিমানটিকে দেখা যায়। ধীরে ধীরে রানওয়ের দিকে এগিয়ে আসতে থাকে বিমানটি। সেইসময় চূড়ান্ত তৎপরতা তৈরি হয় রানওয়েতে। সবরকম প্রস্তুতি নিয়ে তৈরি ছিলেন দমকল থেকে বিমানকর্মী। তবে, নিরাপদের মধ্যেই বিমানটি অবতরণ করে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অবতরণের পর সকল যাত্রীকে বিমানের বাইরে নিয়ে আসা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, মাঝ আকাশে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। সেইকারণেই জরুরি অবতরণের প্রয়োজন হয়। তবে, বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচলে প্রভাব পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থার ভূমিকা প্রশংসিত হয়েছে।

Follow Us