Bank Scam: আপনা-আপনি উধাও হয়ে যাচ্ছে Fixed Deposit-এর টাকা, কীভাবে জানলে ভয় ধরবে আপনারও
Bank Scam: জাল ক্রেডিট কার্ড, সেলফ ইস্যু চেক এবং অবৈধ অনলাইন টাকা ট্রান্সফার করার অভিযোগ আনা হয়েছে। যার ফলে বড় ক্ষতির মুখোমুখি হতে হয় গ্রাহকদের।

গ্রাহকদের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ একটি বড় বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে। আইপিএল-এ বেটিং করার জন্য গ্রাহকদের ফিক্সড ডিপোজিট এবং অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করেছেন ব্যাঙ্কের ৬ জন গ্রাহক। মধ্যপ্রদেশের বেতুলে এই একটি শাখায় এই ঘটনা ঘটেছে বলে খবর। জাল ক্রেডিট কার্ড, সেলফ ইস্যু চেক এবং অবৈধ অনলাইন টাকা ট্রান্সফার করার অভিযোগ আনা হয়েছে। যার ফলে বড় ক্ষতির মুখোমুখি হতে হয় গ্রাহকদের।
অনেক গ্রাহকের অভিযোগ তাঁদের অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। অথচ তাঁরা টাকা জমা দিয়েছিলেন। একজন গ্রাহক জানান, তাঁর মেয়ের বিয়ের জন্য জমা করা ৫ লক্ষ টাকা এফডি থেকে উধাও হয়ে গিয়েছে। অনেকেই জানান, তাঁদের নামে জাল ক্রেডিট কার্ড ইস্যু করে অবৈধ লেনদেন করা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন যে প্রথমে স্থানীয় পুলিশ তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করেন। এরপর বিষয়টিতে জেলা কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেন গ্রাহকরা। প্রসঙ্গত, বেসরকারি ব্যাঙ্কের বেতুলের ওই শাখার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এটি প্রথম নয়। এর আগেও এই ধরনের ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত কোনও গুরুতর তদন্ত করা হয়নি।
কর্তৃপক্ষের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। কেবল তাঁদের টাকা ফেরত দেওয়াই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তাঁরা।
