
নয়া দিল্লি: ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একাধিক কুরুচিকর মন্তব্য করেছিলেন এক যুবতী। তুমুল বিতর্ক হয় তাঁর মন্তব্য ঘিরে। জিরো এফআইআর-ও দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। এবার তিনিই ক্ষমা চাইলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
পুলিশের এফআইআরে উল্লেখ করা হয়েছিল যে যুবতীর বয়স ২৫ বছর। তবে ভিডিয়োয় তিনি উল্লেখ করেন যে মাত্র ১৫ বছর বয়স তাঁর। সেই হিসাবে নাবালিকা সে। যুবতী দাবি করেন যে কনোট প্লেস থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে যন্তর মন্তরে আন্দোলনে গিয়েছিল। তাঁর আশেপাশের লোকজন যেহেতু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা মন্তব্য করছিল, সেই সমস্ত কথা শুনে প্রভাবিত হয়ে সে-ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিল।
সোশ্য়াল মিডিয়ায় পোস্টে দেখা যায়, ওই যুবতী হাত জোড় করে ক্ষমা চাইছেন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি। ওই ভাইরাল ভিডিয়োয় যুবতীকে বলতে শোনা যায়, “আমি ওদের প্রভাবে চলে এসেছিলাম। আমার মাত্র ১৫ বছর বয়স। আমি যা করেছি, তা ক্ষমার যোগ্য নয়। আমি অনেক খারাপ কথা বলেছি। এটাই আমার প্রথম ও শেষ ভুল। আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি অত্যন্ত লজ্জিত। আমি নিজের দিকেই তাকাতে পারছি না। প্লিজ আমায় ক্ষমা করে দিন।”
Most awaited apology 🙂🙂🙂 pic.twitter.com/5BKRMLHC31
— Gems of Politics (@GemsOf_Politics) July 31, 2026
অন্যদিকে, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো মেসেজ পোস্ট করেন। সেই ভিডিয়োয় তিনি বলেন যে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন তাঁর ও তাঁর মায়ের সম্পর্কে নানা কুরুচিকর মন্তব্য করেছে, যা অত্যন্ত দুঃখজনক ছিল। তবে তিনি এদের ক্ষমা করে দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীর কাছেও আর্জি জানিয়ে বলেন যে এদের (যুব প্রজন্ম) শাস্তির বদলে সমাজের উচিত পথ দেখানো।
প্রসঙ্গত, গত ২৩ জুলাইয়ের বিক্ষোভে অবমাননাকর স্লোগান ও মন্তব্য করার ঘটনায় ২৯ জুলাই নয়ডা এক্সপ্রেসওয়ে পুলিশ স্টেশনে জিরো এফআইআর দায়ের করেছে।