AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: ধর্মপালনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে সংবিধানে, ছটপূজার মামলায় মনে করাল হাইকোর্ট

High Court on Chhat Puja: আদালত সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে আরও বলে যে, সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতার কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনুষ্ঠানের জন্য কোনও বিকল্প জায়গা ঠিক করে দিতেও আদালত অস্বীকার করেছে। চৌপাট্টিতে ছট পুজোর মঞ্চ তৈরির আবেদন খারিজ করে আদালত জানায়, ছুটি শেষে আদালত খুললে আবেদনকারী ফের আদালতের দ্বারস্থ হতে পারেন।

High Court: ধর্মপালনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে সংবিধানে, ছটপূজার মামলায় মনে করাল হাইকোর্ট
| Updated on: Nov 13, 2026 | 7:15 AM
Share

নয়া দিল্লি: দেশের সংবিধানে ধর্মাপালনে স্বাধীনতার কথা যেমন বলা আছে, তেমনই শৃঙ্খলা, নৈতিকতা ও জনস্বাস্থ্যের সঙ্গে ভারসাম্য রক্ষার বার্তাও দেওয়া হয়েছে। ছট পূজার অনুমতি চেয়ে হওয়া একটি মামলায় এ কথা মনে করাল বম্বে হাইকোর্ট। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে ‘মিথিলা ছট পুজো সঙ্ঘ’ ছট পূজার অনুমতি দিল না আদালত।

ছট পুজো উপলক্ষে গিরগাঁও চৌপাট্টিতে মঞ্চ তৈরির জন্য আবেদন জানিয়েছিল ‘মিথিলা ছট পুজো সঙ্ঘ’। বিচারপতি অদ্বৈত শেঠনা এবং বিচারপতি রঞ্জিতসিংহ ভোঁসলের ডিভিশন বেঞ্চ বলেছে, সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে স্বাধীনতাকে শৃঙ্খলা, নৈতিকতা এবং জনস্বাস্থ্যের সঙ্গে ভারসাম্য রাখার কথা বলা হয়েছে। সংবিধানে থাকা ভারসাম্য ও নিয়ন্ত্রণের নীতি অবশ্যই মেনে চলতে হবে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের।

আদালতের অবকাশকালীন বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। উৎসবের জন্য সমুদ্র সৈকতে দু’দিনের জন্য মঞ্চ তৈরির অনুমতি চেয়েছিল ওই সঙ্ঘ। এর আগে গত সেপ্টেম্বরে পুলিশ এই অনুমতি দিতে অস্বীকার করে। ১৯৯৮ সালের হাইকোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করে পুলিশ।

১৯৯৮ সালের একটি মামলার নির্দেশে বলা হয়েছিল, গিরগাঁও চৌপাট্টিতে কেবল গণেশ পূজা, নবরাত্রি, রামলীলা, কৃষ্ণলীলা এবং বড়দিন পালিত হবে। হাইকোর্টের নির্দেশের জন্যই ওই অঞ্চলে বিশেষ নজরদারি করার জন্য কমিটি গঠন করা রয়েছে। মুম্বইয়ের চৌপাট্টি এলাকায় যে কোনও উৎসব পালনের অনুমতি নিতে হয় ওই কমিটির কাছে।

আদালত সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে আরও বলে যে, সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতার কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনুষ্ঠানের জন্য কোনও বিকল্প জায়গা ঠিক করে দিতেও আদালত অস্বীকার করেছে। চৌপাট্টিতে ছট পুজোর মঞ্চ তৈরির আবেদন খারিজ করে আদালত জানায়, ছুটি শেষে আদালত খুললে আবেদনকারী ফের আদালতের দ্বারস্থ হতে পারেন।

Follow Us