LPG Gas News: ‘আজ রাত থেকেই গ্যাস পাবেন না’…আপনার কাছে এসেছে এরকম মেসেজ?
LPG Gas Scam Alert: মুম্বইতে সম্প্রতি এই গ্য়াস প্রতারণার বিষয়টি সামনে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বার্তা পাঠানো হচ্ছে প্রতারকদের তরফে। নিজেদের গ্যাস কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দিচ্ছেন।

মুম্বই : গ্যাস আর মিলবে না। তাও আজ রাত থেকেই। ফোনে বা হোয়াটসঅ্যাপে আপনিও কি এরকম মেসেজ পেয়েছেন? তাহলে কিন্তু সাবধান। এটা কিন্তু বড়সড় একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে আপনার জন্য। আর এই ফাঁদে পা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে মুহূর্তেই। ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা হারাচ্ছে দেশবাসী।
রান্নার গ্যাস নিয়ে প্রতারণা
মুম্বইতে সম্প্রতি এই গ্য়াস প্রতারণার বিষয়টি সামনে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বার্তা পাঠানো হচ্ছে প্রতারকদের তরফে। নিজেদের গ্যাস কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দিচ্ছেন। মেসেজে বলা হচ্ছে, গ্যাসের বিল বাকি রয়েছে। তা দ্রুত মিটিয়ে দিতে হবে। তা না হলেই আজ রাত থেকেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
কীভাবে প্রতারণা করা হচ্ছে?
এরপর একটি মোবাইল অ্যাপ্লিকেশন ফাইল (APK) ডাউনলোড করতে বলা হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে ম্যালওয়্যারটি ফোনে রিমোট অ্যাক্সেস দিত প্রতারকদের। আর এইভাবেই ব্যাঙ্কিং তথ্য চুরি হয়ে যাচ্ছে। নতুন গ্যাস যাকা লাগাবেন, সেরকম আবেদনকারী ব্যক্তিদেরও ভুয়ো কল করে টার্গেট করা হয় বসে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে উদ্ভূত গ্যাস সংকট উদ্বেগকে কাজে লাগিয়ে প্রতারকরা আতঙ্ক সৃষ্টি করে। জানা গিয়েছে, প্রতারণার ঘটনায় শতাধিক মুম্বইবাসীর কাছ থেকে প্রায় ২ কোটি ৭ হাজার টাকা খোয়া গিয়েছে। যা বেশ উদ্বেগজনক।
পুলিশ প্রশাসনের থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। কোনও অজানা ফাইল বা লিঙ্ক ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাঙ্কের বিবরণ শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর বিল সংক্রান্ত কোনও বার্তা এলে অনুমোদিত গ্যাস এজেন্সিকে খবর দিতে হবে। আদৌ এই বার্তা কতটা সত্যি, ভুয়ো কি না, তা যাচাই করে নিতে হবে।
