
নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট। পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে, গ্যাসের দাম বাড়লেও পেট্রল-ডিজ়েলের দাম বাড়েনি। সরকারের তরফে পেট্রল-ডিজ়েলের দাম বাড়ানোর বিষয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এই আবহে এবার পেট্রল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার।
শুক্রবার, কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল দুইয়ের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়েছে। লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের ওপর শুল্ক কমে হয়েছে লিটার প্রতি ৩ টাকা। ডিজ়েলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত। অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তাও দিতে হবে না। ডিজ়েলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক শূন্য। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপের ফলে কি স্বস্তি পেতে চলেছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ?
আবগারি শুল্ক কমলেই যে পেট্রল-ডিজ়েলের দাম কমবে, তেমনটা নাও হতে পারে। তবে, বিশেষজ্ঞরা বলছেন পেট্রল-ডিজ়েলের দামে একটা প্রভাব পড়তে চলেছে। এই বিষয়ে অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী জানিয়েছেন, বিষয়টা এমন যে একদিকে ১০ টাকা দাম বেড়েছে, আরেকদিকে আবগারি শুল্ক কমানো হয়েছে। হরেদরে বিষয়টা একই। তবে, পৃথিবীতে যে হারে তেলের দাম বাড়ছে, সেখানে যদি এখানে তেলের দাম এক থাকে, তাহলে তা অত্যন্ত স্বস্তির বিষয়। সেদিক থেকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত। তবে, কতদিন এটা সম্ভব হবে সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, পেট্রল-ডিজ়েলে শুল্ক কমানোর পাশাপাশি বিমানের অন্তঃশুল্কও কমানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজই মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ মার্চ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। সন্ধে সাড়ে ৬টা নাগাদ বৈঠকে বসবেন। তবে. ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে বলে সূত্রের খবর।