Ministry of Defense: লুকিয়েও পার পাবে না, সেনার হাতে এমন অস্ত্র আসছে, শুনে এখন থেকেই ভয়ে কাঁপছে শত্রুরা
সামুদ্রিক আইন প্রয়োগে, সার্চ এবং রেসকিউ অপারেশন চালাতে, মৎসজীবিদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান এক আধিকারিক।

ভারতীয় সেনাকে ঢেলে সাজাতে আরও এক পা বাড়াল প্রতিরক্ষা মন্ত্রক। সফটওয়্যার ডিফাইন রেডিয়ো এবং রাফ টেরেন ফর্কলিফট ট্রাক সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তকরণের জন্য ১,৯১৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৃহস্পতিবার।
জানা গিয়েছে, এই চুক্তির ফলে উপকূলরক্ষা বাহিনী ১৪৯টি অত্যাধুনিক সফটওয়্যার সম্পন্ন রেডিয়ো পাবে। এর মাধ্যমে সুরক্ষিত ভাবে আগের চেয়ে অনেক দ্রুত তথ্য আদানপ্রদান করা সম্ভব হবে। শুধু তাই নয়, হঠাৎ কোনও এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে প্রতি মুহূর্তে তার আপডেট দেওয়া সহজতর হবে। উপকূলরক্ষাবাহিনী প্রয়োজনে হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবে এমনকি সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে ভয়েস কমিউনিকেশন করতে পারবে। প্রতিরক্ষা আধিকারিক আর কে সিং এর উপস্থিতিতে এই উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুককারক সংস্থা ভারত ইলেকট্রনিক্সের সঙ্গে ১,২২০ টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই বিষয়ে এক আধিকারিক জানান, “এই পদক্ষেপ উপকূলরক্ষা বাহিনীকে তাঁদের মূল দায়িত্ব আরও ভাল ভাবে পালনে সাহায্য করবে। সামুদ্রিক আইন প্রয়োগে, সার্চ এবং রেসকিউ অপারেশন চালাতে, মৎসজীবিদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর সঙ্গে প্রয়োজনে ভারতীয় নৌ-সেনার সঙ্গে যৌথ অপারেশনের সময় যোগাযোগ এবং আন্তঃকার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে।”
আগে উপকূলরক্ষাবাহিনীর কাছে যে সব রেডিয়ো থাকতো তা একটি মাত্র কাজের জন্য ব্যবহার করা যেত। বদলে নতুন রেডিয়ো হাতে পেলে একটি মাত্র যন্ত্রে অনেক কাজ একসঙ্গে সম্পন্ন হবে। যোগাযোগ মাধ্যম আরও উন্নত এবং পোক্ত হবে। ফলে জলপথে সামগ্রিকভাবে শক্তিশালী হয়ে উঠবে দেশ।
এছাড়াও স্থলসেনা, বায়ুসেনা এবং নৌ-সেনার জন্য ১৮৬৮টি ফর্কলিফট ট্রাক কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা দফতর। ACE লিমিটেড এবং JCB ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে ৬৯৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে। এক কর্মকর্তা জানান, “এই ধরনের ট্রাকগুলি প্রচুর সংখ্যক স্টোরের ম্যানুয়াল হ্যান্ডলিং এড়িয়ে যুদ্ধের সময় লজিস্টিক এবং অনান্য প্রয়োজনীয় জিনিস সহজে পৌঁছে দিতে সাহায্য করবে। এর ফলে অপারেশনাল বাহিনীগুলির কার্যকারিতা বৃদ্ধি পাবে।”
