
নয়া দিল্লি : ট্রেনের খাবারের মান নিয়ে বারবার অভিযোগ উঠেছে। প্রায়ই অভিযোগ ওঠে ট্রেনের খাবারে পোকা রয়েছে বা আরশোলা ঘোরাফেরা করছে। এমনকী, খাবারে মরা টিকটিকি পর্যন্ত পাওয়া গিয়েছে। বিগত কয়েক বছরে আইআরসিটিসির বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ উঠেছে। এবার আইআরসিটিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রেল। ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কী ঘটেছে?
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। রিতেশ কুমার নামে এক যাত্রী ভিডিয়োটি রেকর্ড করেছেন। তাঁর অভিযোগ, ট্রেনে তাঁকে যে খাবার দেওয়া হয়েছে, তাতে পোকা রয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁকে যে খাবার দেওয়া হয়েছে, তার মধ্যে একটি দইয়ের বাটি রয়েছে। দেখা গেল, তাতেই কিলবিল করছে পোকা। সঙ্গে সঙ্গে ট্রেনের ম্যানেজারকে ফোন করে অভিযোগ জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, দইয়ের ভিতরে আদৌ পোকা রয়েছে কি না, তা ভালভাবে পরীক্ষা করছেন রেলের আধিকারিকরা। টর্চ দিয়ে পরীক্ষা করার সময়ই দেখা যায়, পোকা কিলবিল করছে। শুধু তাই নয়, যে ট্রে-তে করে খাবার দেওয়া হয়েছে, তাতেও সাদা পোকা ভর্তি।
কড় পদক্ষেপ রেল কর্তৃপক্ষের
ঘটনাটি ঘটেছে পটনা-টাটানগর বন্দেভারত এক্সপ্রেসে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। এরপরই রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। রেল মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে,“২০২৬-এর ১৫ মার্চ ২১৮৯৬ নম্বর ট্রেনে (পটনা – টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস) খাবারের মান নিয়ে একজন যাত্রীর অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। আইআরসিটিসি-কে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সার্ভিস প্রোভাইডারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।” রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “যাত্রীদের নিরাপত্তা এবং খাবারের মান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেটিজ়েনরা। ট্রেনের খাবার নিয়ে কেন বারবার অভিযোগ উঠছে, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।