Bangla NewsIndia Indian Railways: Rs 10,783 Crore Rail Project to Link 5 States, Major Connectivity Boost for West Bengal Passengers
Indian Railways: ১০,৭৮৩ কোটি টাকা খরচে পাঁচ রাজ্যকে জুড়ছে রেল, বাংলার মানুষের হবে বিরাট সুবিধা
Rail Project: রেলের তরফে জানানো হয়েছে যে তিনটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়—এই ৫ রাজ্যের উপর দিয়ে যাবে। মোট ১৪টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে।
নয়া দিল্লি: পড়শি রাজ্যগুলির সঙ্গে আরও জুড়ছে বাংলা। রেলের তিনটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি। এই প্রকল্পের জন্য খরচ হবে ১০,৭৮৩ কোটি টাকা। এতে সুবিধা পাবে পশ্চিমবঙ্গও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স (CCEA) রেল মন্ত্রকের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন দিয়েছে। তিনটি প্রকল্পে মোট ব্যয় হবে ১০,৭৮৩ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্প কোনগুলি?
1. খড়গপুর–ঝাড়সুগুড়া (বাগদেহি) চতুর্থ লাইন
2. কাটনি–পেন্দ্রা রোড চতুর্থ লাইন
3. বিলাসপুর (উসলাপুর)–পেন্দ্রা রোড তৃতীয় লাইন
পাঁচ রাজ্যে প্রভাব-
রেলের তরফে জানানো হয়েছে যে তিনটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়—এই ৫ রাজ্যের উপর দিয়ে যাবে। মোট ১৪টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে। রেলের বর্তমান নেটওয়ার্কে প্রায় ৬৫৬ কিলোমিটার নতুন লাইন/মাল্টি-ট্র্যাকিং যুক্ত হবে। এর ফলে প্রায় ৪,৭৯০টি গ্রাম উন্নত রেল যোগাযোগের সুবিধা পাবে। প্রায় ৫৬ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন।
রেল পরিষেবায় কী পরিবর্তন হবে?
রেললাইনের ক্ষমতা বাড়ায় ট্রেন চলাচল আরও মসৃণ হবে।
রেল পরিষেবার অপারেশনাল দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়বে।
গুরুত্বপূর্ণ রুটে যানজট ও ট্রেনের চাপ কমবে।
যাত্রী ও পণ্য পরিবহণে আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি হবে।
পণ্য পরিবহণে বড় সুবিধা-
কয়লা, সিমেন্ট, লোহা ও ইস্পাত-সহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণে এই রুটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পগুলি সম্পূর্ণ হলে অতিরিক্ত প্রায় ২৭ মিলিয়ন টন বা ২.৭ কোটি টন পণ্য বছরে রেলে পরিবহণ করা সম্ভব হবে।
পর্যটনেও বাড়বে যোগাযোগ-
প্রকল্পগুলির ফলে একাধিক গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় স্থানে রেল যোগাযোগ আরও উন্নত হবে। এর মধ্যে রয়েছে—
তারাতারিণী মন্দির
শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির
বান্ধবগড় টাইগার রিজার্ভ
বিরাটেশ্বর মন্দির
অমরকণ্টক মন্দির
জ্বালেশ্বর ধাম
আচানক্মার টাইগার রিজার্ভ
খুটাঘাট বাঁধ
মালহার প্রত্নতাত্ত্বিক স্থান
রতনপুর মহামায়া মন্দির
পরিবেশের উপর ইতিবাচক প্রভাব-
রেল পরিবহণ তুলনামূলকভাবে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় দেশের লজিস্টিক খরচ কমবে।
বছরে আনুমানিক ১২ কোটি লিটার তেল আমদানি কমবে।
প্রায় ৬২ কোটি কেজি কার্বন ডাই অক্সাইড (CO₂) নির্গমন কমানো সম্ভব হবে। এই পরিমাণ কার্বন সাশ্রয় প্রায় ২.৪৮ কোটি গাছ লাগানোর সমতুল্য।
এই প্রকল্পগুলি পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান (PM Gati Shakti National Master Plan)-এর আওতায় পরিকল্পিত। এর মূল লক্ষ্য হল মাল্টি-মোডাল যোগাযোগ এবং লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি।
সমন্বিত পরিকল্পনা ও বিভিন্ন অংশীদারের সঙ্গে পরামর্শের মাধ্যমে প্রকল্পগুলি বাস্তবায়িত হবে।
এর ফলে মানুষ, পণ্য ও পরিষেবার নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
পরিকাঠামো ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সংশ্লিষ্ট অঞ্চলের আত্মনির্ভরতা বৃদ্ধিতেও প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।