
কলকাতা: নৌ-সেনায় নতুন সদস্য। ভারতের পূর্ব ও পশ্চিমে দুই বিশাল জলসীমা। বঙ্গোপসাগর ও আরব সাগর। দুই সাগর দক্ষিণে এসে মিশেছে ভারত মহাসাগরে। ফলে দেশের পূর্ব-পশ্চিমের দুই জলসীমাই যাতে সমান সুরক্ষিত থাকে সে জন্য নৌসেনার চাহিদা ছিল অন্তত ২টি বিমানবাহী রণতরী। আইএনএস বিক্রমাদিত্যর পর আইএনএস বিক্রান্ত এসে যাওয়ায় সে প্রয়োজন মিটেছে। একইভাবে নৌসেনার দাবি ছিল চিনের বিপদের কথা মাথায় রেখে অন্তত ২টো পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ চাই-ই চাই। এতদিন ভারতের হাতে ১টা পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ছিল। ২০১৮ সাল থেকে কাজ করছে আইএনএস অরিহন্ত। এবার তার সঙ্গেই নৌ-সেনায় এসে গিয়েছে আইএনএস অরিঘাত। দেশের দ্বিতীয় পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ।
কিছুদিন আগেই ভাইজ্যাগে এই জাহাজ তৈরির কাজ শেষ হয় বলে জানা যায়। অরিঘাতে রয়েছে ৭৫০ কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্রবহনে সক্ষম কে-১৫ মিসাইল। ফলে, পাকিস্তানের একটা বড় অংশ ও চিনের ইউনান প্রদেশ চলে আসছে এর আওতায়। নতুন ডুবোজাহাজে দরকারে পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়ানোও যাবে। তবে এখানেই শেষ নয়। আগামী বছর নৌসেনায় যোগ দেবে আরও একটা পরমাণু শক্তিধর সাবমেরিন। যার নাম আইএনএস অরিদমন। যাতে থাকবে সাড়ে ৩ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু মিসাইল। আর দেশে ৪ নম্বর নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজ এখন চলছে।
সূত্রের খবর, এই ৪টি ছাড়া আরও ২টি নিউক্লিয়ার সাবমেরিনের প্ল্যান এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির ছাড়পত্রের অপেক্ষায়। বুঝতেই পারছেন যে সবকটা জাহাজ হাতে চলে এলে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে চিনের চোখ রাঙানোর দিন শেষ হয়ে যাবে। লং রানে বাহিনীর পরিকল্পনা হল, দেশের হাতে থাকবে ১৮টা ডিজেল ও বিদ্যুত-চালিত কনভেনশনাল সাবমেরিন। এবং ১০টা নিউক্লিয়ার পাওয়ারড সাবমেরিন। নিউক্লিয়ার পাওয়ারড সাবমেরিন সাধারণ সাবমেরিনের তুলনায় অনেক বেশিক্ষণ জলের নীচে ডুবে থাকতে পারে। ফলে, শত্রুর চোখকে ফাঁকি দিতে এর একটা অ্যাডভান্টেজ আছেই। চাপ যে চিন-পাকিস্তানের উপর বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।