PM Modi: ‘জো খেলেগা, ও খিলেগা’, কমনওয়েলথে পদকজয়ীদের পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা মোদীর
PM Modi Meets CWG 2026 Medallists: এবার কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে অভিযান শেষ করেছে ভারত। মোট ৩৯টি পদক জিতেছে। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। যদিও ২০২৬ সালে ভারতের পদকসংখ্যা ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জেতা ৬১টি পদকের তুলনায় কম। তবে পরিসংখ্যানের পিছনের ছবিটা কিছুটা আলাদা। বার্মিংহামে জেতা ৬১টি পদকের মধ্যে ৩০টি এসেছিল এমন কয়েকটি খেলা থেকে, যেগুলি গ্লাসগোর কমনওয়েলথ গেমসের সূচি থেকে বাদ দেওয়া হয়েছিল।

নয়াদিল্লি: গ্লাসগোতে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। আর রবিবার দিল্লিতে কমনওয়েলথ গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানান তিনি। তাঁদের পারফরম্যান্সের প্রশংসা করেন। একইসঙ্গে ক্রীড়াবিদদের পাশে নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দেন, “যারা খেলবে, তারাই সাফল্য পাবে।”
প্রধানমন্ত্রী মোদী ক্রীড়াবিদদের সঙ্গে তাঁর এই সাক্ষাতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে তাঁকে হাসি-ঠাট্টার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। ভারতের সোনাজয়ী বক্সার সাক্ষী চৌধুরী হাতে সেলফি ক্যামেরা নিয়ে বলেন, “হ্যালো বন্ধুরা। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী স্যার কমনওয়েলথ গেমসের সব পদকজয়ীকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা খুব গর্বিত বোধ করছি। তাঁর সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। তিনি খুবই বিনয়ী। স্যার, আপনিও কিছু বলুন।” এরপর প্রধানমন্ত্রী বলেন, “জো খেলেগা, ও খিলেগা। সবসময় ভারতের জন্য গলা ফাটান। ভারত মাতা কি জয়।” প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে পদকজয়ী ক্রীড়াবিদরাও ভারত মাতা কি জয় বলেন।
Always #Cheer4Bharat. pic.twitter.com/eSjh8o1Ris
— Narendra Modi (@narendramodi) August 9, 2026
এবার কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে অভিযান শেষ করেছে ভারত। মোট ৩৯টি পদক জিতেছে। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। যদিও ২০২৬ সালে ভারতের পদকসংখ্যা ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জেতা ৬১টি পদকের তুলনায় কম। তবে পরিসংখ্যানের পিছনের ছবিটা কিছুটা আলাদা। বার্মিংহামে জেতা ৬১টি পদকের মধ্যে ৩০টি এসেছিল এমন কয়েকটি খেলা থেকে, যেগুলি গ্লাসগোর কমনওয়েলথ গেমসের সূচি থেকে বাদ দেওয়া হয়েছিল।
এবার মাত্র ১২২ জন ক্রীড়াবিদ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত। ২০২২ সালে এই সংখ্যা ছিল ২১০। তা সত্ত্বেও পদক তালিকায় চতুর্থ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারত। পাশাপাশি পদক জয়ের হারও বেড়েছে। মোট ৩৮ জন ভারতীয় ক্রীড়াবিদ পদক নিয়ে দেশে ফিরেছেন। ভারতের হয়ে একমাত্র দু’টি পদক জিতেছেন দূরপাল্লার দৌড়বিদ গুলভীর সিং। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষের আসর বসবে গুজরাটের আহমেদাবাদ শহরে।
