CJP Protest: চালু ‘ককরোচ’-দের নয়া পোর্টাল, আন্দোলনকারীদের কোটি টাকা কপিল সিব্বলের
Kapil Sibal legal aid fund: কপিল সিব্বল পরামর্শ দেন, আন্দোলনের স্বার্থে দেশের প্রতিটি জেলায় আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী জাতীয় আইনি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা উচিত। তাঁর মতে, সরকারি পদক্ষেপের মুখে পড়া কোনও ছাত্র বা শান্তিপূর্ণ আন্দোলনকারী যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

নয়া দিল্লি: দেশজুড়ে আন্দোলনকারী ছাত্র-যুবদের আইনি সহায়তা দিতে ‘লিগ্যাল এইড সেল’ (Legal Aid Cell) গঠনের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের প্রমাণ সংগ্রহের জন্য চালু করা হয়েছে ‘SAAKSHI’ নামে একটি বিশেষ পোর্টাল। এদিকে, প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) আন্দোলনকারীদের আইনি লড়াইয়ের জন্য ১ কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা করেছেন। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন আইনজীবী।
ওই সাংবাদিক বৈঠকে কপিল সিব্বল ছাড়াও উপস্থিত ছিলেন CJP-র মুখপাত্র সৌরভ দাসও। বৈঠকের শুরুতেই তিনি বলেন, “২৫ জুলাই যন্তর-মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন শেষ হওয়ার আগেই CJP-র আশঙ্কা ছিল, দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র-আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজ্যগুলিতে গ্রেফতারি, হেফাজত এবং ফৌজদারি মামলা দায়ের হতে পারে। সেই কারণেই কপিল সিব্বলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়। যদিও, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করবে না বলে আগেই জানিয়েছে।
দেশজুড়ে আইনজীবীদের নেটওয়ার্ক
কপিল সিব্বল পরামর্শ দেন, আন্দোলনের স্বার্থে দেশের প্রতিটি জেলায় আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী জাতীয় আইনি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা উচিত। তাঁর মতে, সরকারি পদক্ষেপের মুখে পড়া কোনও ছাত্র বা শান্তিপূর্ণ আন্দোলনকারী যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
১ কোটি টাকার ফান্ড
এই উদ্যোগ সফল করতে CJP-র লিগ্যাল এইড সেলের জন্য ১ কোটি টাকার ফান্ড দেওয়ার ঘোষণা করেন কপিল সিব্বল। তিনি জানান, এই অর্থ শুধুমাত্র আন্দোলনকারীদের আইনি সহায়তার কাজে ব্যবহার করা হবে। কীভাবে সেই তহবিল ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত CJP নেতৃত্বই নেবে। একইসঙ্গে দেশের আইনজীবীদের এই উদ্যোগে যোগ দেওয়ার এবং আর্থিক সহায়তা করার আহ্বানও জানান তিনি।
সব রাজ্যে আইনি সহায়তার আশ্বাস
মুখপাত্র রত্না সিং দাবি করেন, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসম-সহ একাধিক রাজ্যে ছাত্র ও আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেফতারি এবং হেনস্থার অভিযোগ উঠেছে। তিনি জানান, CJP শুরু থেকেই আন্দোলনকারীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও আইনি ও সাংগঠনিক সহায়তা দিয়ে যাবে।
চালু হল ‘SAAKSHI’ পোর্টাল
সাংবাদিক বৈঠকে সৌরভ দাস ‘SAAKSHI’ পোর্টাল চালুর ঘোষণা করেন। ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা এই পোর্টালে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের ছবি ও ভিডিয়ো নিরাপদে আপলোড করতে পারবেন। পোর্টাল ব্যবহারের জন্য একটি টিউটোরিয়ালও দেওয়া হয়েছে। সৌরভ দাসের দাবি, অভিযুক্ত পুলিশ ও RAF কর্মীদের চিহ্নিত করে প্রয়োজনীয় অভিযোগ দায়ের এবং আইনি পদক্ষেপ করা হবে।
লিখিত আশ্বাস না মিললে ফের আন্দোলনের হুঁশিয়ারি
সাংবাদিক বৈঠকের শেষে আশুতোষ রাঙ্কা জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে তৃতীয় দফার আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার এবং আর কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত দেওয়া হয়। কিন্তু, তাঁর অভিযোগ, মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে লিখিত দেওয়ার কথা থাকলেও তা এখনও মেলেনি। রাঙ্কার হুঁশিয়ারি, সরকার যদি প্রতিশ্রুতি পালন না করে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি ও গ্রেফতার অব্যাহত থাকে, তাহলে CJP আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরু করতে বাধ্য হবে।
