AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dalai Lama: দালাই লামার জীবন, পথচলা নিয়ে নতুন জীবনী, প্রকাশিত হল ‘ইটারন্যাল লাইট’

Life and Legacy of Dalai Lama: ‘ইটারন্যাল লাইট’-এ অরবিন্দ যাদব দালাই লামার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছেন। পাশাপাশি এমন কিছু ঘটনা ও প্রসঙ্গের নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যেগুলি নিয়ে অতীতে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি সামনে এসেছে।

Dalai Lama: দালাই লামার জীবন, পথচলা নিয়ে নতুন জীবনী, প্রকাশিত হল 'ইটারন্যাল লাইট'
ইটারন্যাল লাইট বই প্রকাশ অনুষ্ঠানImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 11, 2026 | 7:49 PM
Share

নয়াদিল্লি: তাঁর বার্তা বিশ্বের অনেকের কাছে অনুপ্রেরণা। সেই ১৪তম দলাই লামাকে নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও জীবনীকার অরবিন্দ যাদবের লেখা ‘Eternal Light: The Life and Legacy of the 14th Dalai Lama’ প্রকাশ করল Westland Books। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত অনুষ্ঠানে ১৪তম দালাই লামার জীবন, সংগ্রাম, দর্শন এবং বিশ্বজুড়ে তাঁর প্রভাব নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনরা।

অনুষ্ঠানের শুরুতে গেশে চোপা তেনজিন লাদ্রনের নেতৃত্বে ‘লং-লাইফ প্রেয়ার’ অনুষ্ঠিত হয়। এরপর বক্তব্য রাখেন পদ্মশ্রী অধ্যাপক নওয়াং সামতেন, বিশেষ অতিথি পবন কে বর্মা এবং বইটির লেখক অরবিন্দ যাদব। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্শনিক, লেখক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদ্মবিভূষণ করণ সিং। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিব্বত থেকে বিশ্বমঞ্চে-

১৯৩৫ সালে পূর্ব তিব্বতের এক প্রত্যন্ত গ্রামে জন্ম লামো থনডুপের। মাত্র দুই বছর বয়সে তাঁকে ১৩তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয়। মঠের শিক্ষাজীবন পেরিয়ে অল্প বয়সেই তাঁকে তিব্বতের রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে হয়।

১৯৫০ সালে চিনের তিব্বত আক্রমণের পর মাত্র ১৬ বছর বয়সে তিনি তিব্বতের পূর্ণ রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৯ সালে লাসায় চিনবিরোধী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ২৪ বছর বয়সে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। পরে ধর্মশালায় তিব্বতের সরকার প্রতিষ্ঠা এবং তিব্বতি সম্প্রদায়ের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিব্বতি বৌদ্ধধর্মের সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও দার্শনিক ঐতিহ্য সংরক্ষণে কাজ চালিয়ে যান।

১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন দালাই লামা। পরবর্তী সময়ে অহিংসা, শান্তি ও সংলাপের বার্তা নিয়ে তিনি আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিব্বত ও তিব্বতি জনগণের পরিস্থিতিও দীর্ঘদিন ধরে বিশ্বের সামনে তুলে ধরেছেন তিনি।

গবেষণাধর্মী জীবনী-

‘Eternal Light’-এ অরবিন্দ যাদব দালাই লামার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছেন। পাশাপাশি এমন কিছু ঘটনা ও প্রসঙ্গের নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যেগুলি নিয়ে অতীতে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি সামনে এসেছে।

লেখকের কথায়, “আমি ‘Eternal Light’ লিখেছি কারণ দালাই লামার জীবন শুধু তিব্বতের গল্প নয়, এটি সহানুভূতি, দৃঢ়তা ও মানবিকতারও শিক্ষা। দালাই লামা শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি শক্তি। সত্য, মমতা ও অহিংসার মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন যে নিজের পরিচয় ও অস্তিত্বকে রক্ষা করার জন্য সবসময় লড়াইয়ের প্রয়োজন হয় না। কখনও কখনও নিজের সত্তাকে আঁকড়ে ধরে রাখাই সবচেয়ে বড় জয়।”

অনুষ্ঠানে করণ সিং বলেন, “আজ বিশ্বের সবচেয়ে বেশি যে জিনিসটির অভাব, তা হল সহানুভূতি। দালাই লামার বার্তা আমাদের মনে করিয়ে দেয়, সহানুভূতি মানে অন্যের যন্ত্রণা, দারিদ্র্য ও কষ্টকে অনুভব করা। আমাদের নিজেদের জীবন এবং গোটা বিশ্বে সেই মমতা ও বোঝাপড়ার অনুভূতিকে ফের প্রতিষ্ঠা করতে হবে।” দালাই লামার আশীর্বাদধন্য এই বইটি তাঁর জীবন ও দর্শনের পাশাপাশি মানবিকতা, সহনশীলতা এবং প্রতিকূলতার মধ্যেও নিজের মূল্যবোধ ধরে রাখার বার্তাকেও সামনে আনে।

ওয়েস্টল্যান্ড বুকস-

ওয়েস্টল্যান্ড বুকস (Westland Books) ভারতের অন্যতম পরিচিত প্রকাশনা সংস্থা। সাহিত্য, কথাসাহিত্য, ব্যবসা, রাজনীতি, জীবনী, আধ্যাত্মিকতা, জনপ্রিয় বিজ্ঞান, স্বাস্থ্য ও স্ব-সহায়তা-সহ বিভিন্ন বিষয়ের বই প্রকাশ করে সংস্থাটি। ২০২৩ সালে Indie Press নামে স্ব-প্রকাশনা ইমপ্রিন্ট চালু করে Westland।

Follow Us