Loksabha Election Result 2024: দিল্লিতে পহলে ‘আপ’ বিজেপি! পঞ্জাবে চলছে হাতের খেল
Lok Sabha Election: বেলা সাড়ে ১১টা পর্যন্ত হিসেব, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে সাতটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত দাঁত ফোটানোর সুযোগই পাচ্ছে না আম আদমি পার্টি। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে।

নয়া দিল্লি: ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টি। দিল্লি ও পঞ্জাব দুই জায়গায় সরকার রয়েছে অরবিন্দ কেজরীবালের দলের। কিন্তু লোকসভা নির্বাচনে গণনার এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দিল্লি বা পঞ্জাব কোনও জায়গাতেই বিশেষ সুবিধা করতে পারছে না কেজরীর দল। বেলা সাড়ে ১১টা পর্যন্ত হিসেব, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে সাতটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত দাঁত ফোটানোর সুযোগই পাচ্ছে না আম আদমি পার্টি।
এদিকে আবার পঞ্জাবেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই কেজরী অ্যান্ড মান কোং। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে। শিরোমণি অকালি দলের লিড রয়েছে ২টি আসনে এবং নির্দলরা এগিয়ে রয়েছে ২টি আসনে। প্রসঙ্গত, এবারের ভোটে ইন্ডিয়া জোটের প্রাদেশিক সমীকরণ শুরু থেকেই একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল। পঞ্জাবেও সেই একই ছবি। এখানেও কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হয়নি আম আদমি পার্টির। দুই দলই পৃথক পৃথক ভাবে ভোট ময়দানে লড়াইয়ে নেমেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত হিসেব অনুযায়ী, পঞ্জাবে আম আদমি পার্টিকে পিছনে ফেলে ৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
যদিও ভোটগণনা এখনও চলছে এবং যে কোনও সময়ে খেলা ঘোরার সম্ভাবনাও থেকে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে দিল্লিতে সব ক’টি আসনেই এগিয়ে বিজেপি। আর পঞ্জাবে সবথেকে বেশি আসনে লিড নিয়ে রেখেছে কংগ্রেসই।
