Odisha Naveen Patnaik: প্রতিষ্ঠানবিরোধী ঝড়ে নবীনের দুই দশকের সাজানো বাগান তছনছ! ওড়িশা ডবল ধামাকা মোদীর

Naveen Patnaik: রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, ওড়িশায় এবার বিজেপির এই ডবল ধামাকার নেপথ্যে অন্যতম কারণ হল প্রতিষ্ঠানবিরোধী ঝড়। শুধু বিজেপির পক্ষে ভোট নয়, বরং বিজু জনতা দলের বিরুদ্ধে ভোটের কারণেই পদ্ম শিবিরের এই ব্যাপক সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Odisha Naveen Patnaik: প্রতিষ্ঠানবিরোধী ঝড়ে নবীনের দুই দশকের সাজানো বাগান তছনছ! ওড়িশা ডবল ধামাকা মোদীর
ওড়িশা হাতছাড়া নবীন পট্টনায়েকদেরImage Credit source: TV9 Bangla

|

Jun 04, 2024 | 11:50 PM

ভুবনেশ্বর: নবীন পট্টনায়েকের ২৪ বছরের দুর্ভেদ্য দুর্গে ভাঙন ধরাল বিজেপি। ডবল ধাক্কা। ওড়িশার বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ল বিজু জনতা দল। ১৪৭ আসনের বিধানসভায় নবীন পট্টনায়েকের দলের ভাগ্যে জুটছে ৫১টি আসন। রাত ১১টা পর্যন্ত হিসেব, ৫০টিতে জয়ী, একটিতে এগিয়ে। দুই দশকেরও বেশি সময়ের দুর্ভেদ্য গড়ে ভাঙন ধরিয়ে ৭৮টি আসন নিজেদের দখলে নিয়েছে বিজেপি। তার মধ্যে ৭৪টি আসনে ইতিমধ্য়েই জয়ী, চারটিতে এগিয়ে। উল্লেখ্য, ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দরকার ৭৪ আসন, যা ইতিমধ্যেই জিতে নিয়েছে পদ্ম শিবির।

ওড়িশায় আড়াই দশকের নবীন-জমানায় ইতি টানল বিজেপি। এই প্রথমবার ওড়িশায় সরকার গঠন করতে চলেছে পদ্ম শিবির। শুধু বিধানসভা ভোটেই নয়, লোকসভা ভোটেও একেবারে দুরমুশ হয়ে গিয়েছে নবীন পট্টনায়েকের দল। ২১ আসনের মধ্যে মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। একটিতে জিতেছে কংগ্রেস। বাকি ১৯টিই যাচ্ছে বিজেপির দখলে। ১৩টি আসনে ইতিমধ্যেই জয় নিশ্চিত করে ফেলেছে পদ্ম শিবির। বাকিগুলিতেও জয়ের পথে।

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, ওড়িশায় এবার বিজেপির এই ডবল ধামাকার নেপথ্যে অন্যতম কারণ হল প্রতিষ্ঠানবিরোধী ঝড়। শুধু বিজেপির পক্ষে ভোট নয়, বরং বিজু জনতা দলের বিরুদ্ধে ভোটের কারণেই পদ্ম শিবিরের এই ব্যাপক সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২৪ বছর ধরে নবীন পট্টনায়েক ওড়িশার মুখ্যমন্ত্রী রয়েছেন। এই লম্বা সময় ধরে মসনদে বসে থাকার অন্যতম কারণ, ওড়িশা পোক্ত বিরোধী চরিত্রের অভাব। নবীন পট্টনায়েকের সমতুল্য মাপের কোনও নেতৃত্ব খুঁজে বের করতে গিয়ে বার বার ‘ফ্লপ’ হয়েছে কংগ্রেস। আর সেই বিরোধী নেতৃত্বের অভাবই নবীন পট্টনায়েকের দলকে এই দীর্ঘ সময় ধরে সরকারে রেখে দিয়েছিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Follow Us