
নয়া দিল্লি: মঙ্গলবার (৪ জুন), সকাল থেকে আসতে শুরু করেছে লোকসভা ভোটের ফল। সরকার গঠনের বিষয়ে এগিয়ে এনডিএ। তবে, জোর লড়াই দিচ্ছে ইন্ডিয়া জোটও। ৫৪৩ আসনের মধ্যে, এখনও পর্যন্ত, এনডিএ এগিয়ে ২৯৫ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে। আর ২০টি মতো আসনে এগিয়ে অন্যান্যরা। এই অবস্থায় সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পক্ষই। আর মুচকি হাসছেন দুই ব্যক্তি – চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। অন্ধ্র ১৬ আসনে এগিয়ে টিডিপি, আর বিহারে ১৪-১৫টি আসনে এগিয়ে জেডিইউ। দুজনেই এনডিএ-র সদস্য। তবু, কংগ্রেস এই দুই দলের সঙ্গেই কথা বলবে বলে জানিয়েছে। এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা, তাতে সরকার গঠনের বিষয়ে আরামদায়ক জায়গায় রয়েছে এনডিএ। তাহলে কংগ্রেস তথা ইন্ডিয়া কেন সরকার গঠনের স্বপ্ন দেখছে?
আসলে, এবারের ফলাফলের প্রবণতা ইন্ডিয়া জোটকে বড় আশা জাগিয়েছে। এখন পর্যন্ত ২৭২ আসনের ম্যাজিক সংখ্যা থেকে অনেক দূরে তারা। এই ধারা বজায় থাকলে, ইন্ডিয়া জোটের সরকার গঠনের জন্য আরও অন্তত ৪০-৪৫টি আসনের প্রয়োজন হবে। এর জন্য এনডিএ ভাঙাতে হবে। ইন্ডিয়া জোটের সূচনা হয়েছিল জেডিইউ-এর হাত ধরেই। আর ভোটের কয়েক মাস আগে পর্যন্তও এনডিএ-র বাইরেই ছিল টিডিপি। তাই, এই দুই দলকেই নিশানা করেছে ইন্ডিয়া জোট। ভোটের প্রবণতায় উজ্জীবিত ইন্ডিয়া জোটের নেতারা, জোটকে আরও শক্তিশালী করতে কোন কসরতই ছাড়বেন না, তা বোঝাই যাচ্ছে।
বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে তবেই অবশ্য ইন্ডিয়া জোট সরকার গঠনের সুযোগ পাবে। সেই ক্ষেত্রে তাদের পাশে চাই জেডিইউ এবং টিডিপিকে। এই দুই দল ইন্ডিয়া জোটের সঙ্গে এলে, আরও অন্তত ৩০টি আসন যুক্ত হবে ইন্ডিয়া জোটে। এর বাইরে ২০ টি আসনে এগিয়ে আছে ‘অন্যান্য’রা। এই অন্যান্যদের মধ্যে রয়েছে নবীন পট্টনায়কের বিজেডি, শিরোমণি অকালি দল, এআইমিম, সিকিম ক্রান্তিকারী মোর্চাদের মতো ছোট দল এবং নির্দলরা। এদের মধ্যে কয়েকজনকে নিজেদের দিকে টানতে পারলেই, সরকার গঠন করা সম্ভব ইন্ডিয়া জোটের পক্ষে। জোটের নেতা শরদ পওয়ার ইতিমধ্য়েই বিজেডি নেতা নবীন পট্টনায়ক, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ প্রধান নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন বলে, জানা গিয়েছে। পবন খেড়া বলেছেন, জোট এনডিএ শরিকদের সঙ্গেও যোগাযোগ করছে। তিনি বলেছেন, ‘সরকার গঠন করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’
তবে, বিজেপির সঙ্গ ছাড়ার কোনও ইঙ্গিত এখনও দেয়নি টিডিপি বা জেডিইউ। নীতিশ কুমার তো ইতিমধ্য়েই বলে দিয়েছেন, তিনি এনডিএ জোটেই থাকবেন।