AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIT Baba Marriage : সন্ন্যাস থেকে ‘ম্যারেড’, বিয়ে করলেন মহাকুম্ভের আইআইটি বাবা

IIT Baba Marriage Viral News : জানা গিয়েছে, বিয়ে হয়েছে দুই মাস আগেই। ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন হিমাচল প্রদেশে ইঞ্জিনিয়ার কন্যা প্রতীকাকে বিয়ে করেন। সম্প্রতি, দম্পতি বাবার বাড়িতে আসার পরই বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। এরপর থেকে তাঁদের বিয়ের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কীভাবে তাঁদের আলাপ, প্রেম?

IIT Baba Marriage : সন্ন্যাস থেকে 'ম্যারেড', বিয়ে করলেন মহাকুম্ভের আইআইটি বাবা
আইআইটি বাবাImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 07, 2026 | 3:47 PM
Share

হরিয়ানা : মহাকুম্ভের আইআইটি বাবা। নামটা নিশ্চয় অনেকের কাছেই পরিচিত। গত বছরই তিনি তুমুল ভাইরাল হন। আজ আবারও শিরোনামে আইআইটি বাবা। কোটি টাকার চাকরি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এবার সেই জীবন থেকেও সন্ন্যাস নিলেন। বিয়ে করেছেন মহাকুম্ভের আইআইটি বাবা অভয় সিংহ। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার কন্যাকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি, তাঁদের ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, বিয়ে হয়েছে দুই মাস আগেই। ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন হিমাচল প্রদেশে ইঞ্জিনিয়ার কন্যা প্রতীকাকে বিয়ে করেন। সম্প্রতি, দম্পতি বাবার বাড়িতে আসার পরই বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। এরপর থেকে তাঁদের বিয়ের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কীভাবে তাঁদের আলাপ, প্রেম? বেঙ্গালুরুর বাসিন্দা ইঞ্জিনিয়র প্রতীকা জানিয়েছেন, প্রায় এক বছর আগে তাঁদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব। তারপর প্রেম। সেই প্রেমই বিয়েতে পরিণতি পেল।

প্রতীকা জানিয়েছেন, অভয় খুবই সরল ও সৎ মানুষ। তাঁরা একসঙ্গে খুব সুখে রয়েছেন। বিয়ের পর অভয় ও তাঁর স্ত্রীকে ধুমধাম করে স্বাগত জানায় পরিবার। তাঁদের দেখতে ভিড় করে বহু মানুষ। অনেকে ছবিও তোলেন।

অভয় ও প্রতীকা জানিয়েছেন, তাঁরা একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক উপদেশও দেওয়া হবে। দু’জনরেই এরকম একটা স্বপ্ন রয়েছে।

অভয় সিং কে? কীভাবে বিখ্যাত হলেন?

হরিয়ানায় জন্ম অভয় সিংয়ের। বোম্বে আইআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এরপর তিনি কলা বিভাগে যোগ দেন এবং ডিজাইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর কর্পোরেট চাকরি নিয়ে কানাডায় চলে যান তিনি। তিন বছর সেখানে চাকরি করেন। বছরে ৩৬ লক্ষ টাকা উপার্জন করতেন। কিন্তু, হঠাৎ বিষণ্ণতায় ভুগতে শুরু করেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ।

এরপরই তিনি কর্পোরেট কর্মজীবন ত্যাগ করে আধ্যাত্মিক পথ অবলম্বন করেন। ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় সন্ন্যাসী বেশ ধারণ করেন। আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে আধ্যাত্মিক জীবনের মিশেলই অভয়কে স্বতন্ত্র করে তুলেছে। মহাকুম্ভের একটি সাক্ষাৎকার তাঁকে এক নিমেষেই ভাইরাল করে দেয়। তারপর থেকেই আইআইটি বাবা বা আইআইটিয়ান বাবা নামে খ্যাতি লাভ করেন।

Follow Us