CPIM leader remarks: ‘শোয়া ও বাচ্চার জন্য মহিলাদের বিয়ে করা’, ভরা সভায় বললেন CPIM নেতা
Controversy over CPIM leader remarks: সৈয়দের মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে। কেরলের শাসকদলের একজন নেতা কীভাবে এই মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিপিএমের তরফে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

তিরুবনন্তপুরম: পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছেন। সেই জয় উদযাপন করতেই সভার আয়োজন। সেখানে মহিলারাও রয়েছেন। আর সেই সভাতেই জয়ী সিপিএম নেতার মন্তব্যে ঘিরে শোরগোল পড়ে গেল। ভরা সভাতেই মেয়েদের সামনেই ওই সিপিএম নেতা বললেন, “শোয়া ও বাচ্চার জন্য মেয়েদের বিয়ে করা হয়।” দলের নেতার এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে সিপিএম। ঘটনাটি কেরলের মালাপ্পুরাম জেলার।
কেরলে ক্ষমতায় রয়েছে সিপিএম নেতৃত্বাধীন জোট। শিক্ষার হারে দেশের একদম প্রথমে রয়েছে বামশাসিত এই রাজ্য। সেখানে স্থানীয় পৌরসভার নির্বাচনে জয়ী হন সিপিএম প্রার্থী সৈয়দ আলি মজিদ। নিকটবর্তী প্রার্থীদের ৪৭ ভোটে পরাজিত করেন তিনি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এই নির্বাচনে মহিলা প্রার্থী দিয়েছিল। আর তা নিয়ে আক্রমণ করতে গিয়েই মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগ উঠল সৈয়দের বিরুদ্ধে।
কী বললেন সিপিএম নেতা?
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগকে আক্রমণ করতে গিয়ে সৈয়দ বলেন, ভোট টানতে মহিলাদের প্রার্থী করেছিল ওই দল। তাঁর এই কথা শুনে সভায় একাংশ হাততালিও দেন। এরপরই নিজের দলের মহিলাদের উদ্দেশে তিনি বলেন, বিবাহিত মহিলাদের বাড়ির কাজেই নিযুক্ত থাকা উচিত। বলেন, “আমাদের বাড়িতেও বিবাহিত মহিলা রয়েছেন। ভোটে জিততে তাঁদের বাইরে আনি না। তাঁরা বাড়িতে থাকেন। শোয়া ও বাচ্চার জন্য মহিলাদের বিয়ে করা হয়।” দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখা হয় বলেও তিনি মন্তব্য করেন।
সৈয়দের মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে। শাসকদলের একজন নেতা কীভাবে এই মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিপিএমের তরফে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
