AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: কলকাতায় জ্ঞানেশ কুমার, সুপ্রিম কোর্টে মামলা মেনকার, দ্রুত শুনানির আর্জি

SIR Case: রবিবার রাতেই কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তিনি। বাম, বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। বেশ কয়েক দফা দাবি জানানো হয়েছে দলগুলির তরফে।

Supreme Court: কলকাতায় জ্ঞানেশ কুমার, সুপ্রিম কোর্টে মামলা মেনকার, দ্রুত শুনানির আর্জি
Image Credit: PTI
| Updated on: Mar 09, 2026 | 1:20 PM
Share

নয়া দিল্লি: এসআইআর নিয়ে ফের মামলা। সোমবার একদিকে যখন কলকাতায় বলে দফায় দফায় বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তখন সুপ্রিম কোর্টে নতুন মামলা হল এসআইআর নিয়ে। যাঁদের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে, তাঁদের তরফে মামলা করা হয়েছে। তাঁদের পক্ষে আইনজীবী হিসেবে আবেদন করেছেন মেনকা গুরুস্বামী। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি।

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আবেদন করেন আইনজীবী। বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যায় না বলে উল্লেখ করেণ প্রধান বিচারপতি। অন্যদিকে, আইনজীবী মেনকা গুরুস্বামী প্রধান বিচারপতির বেঞ্চে ব্যাখ্যা করেন যে আবেদনকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং তাঁদের নথিও নেওয়া হচ্ছে না। মঙ্গলবার এসআইআর-এর অন্যান্য মামলার সঙ্গে এই আবেদন শুনবেন বিচারপতিরা।

এদিকে, রবিবার রাতেই কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তিনি। বাম, বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। বেশ কয়েক দফা দাবি জানানো হয়েছে দলগুলির তরফে। আর এদিন বারবার জ্ঞানেশ কুমারের মুখে সুপ্রিম কোর্টের কথা শোনা গিয়েছে বলে সূত্রের খবর।

এদিন কংগ্রেসের প্রতিনিধিদল যখন বৈঠকে বসে, তখন জ্ঞানেশ কুমার বলেন, “শীর্ষ আদালতে আপনারা মামলা করেছেন, এখন ষাট লাখের ভবিষ্যৎ আমায় জিজ্ঞেস করছেন?” তৃণমূলের প্রতিনিধিরা দেখা করলেও সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন জ্ঞানেশ কুমার।

তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বৈঠক শেষে বেরিয়ে জানান, তাঁরা কমিশনারকে বলেছেন, “ডিসক্রিপেন্সি আপনারা ঠিক করেন নি। আনম্যাপড নিয়ে স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না। কেউ যেন বাদ না যায়।” এ কথা শুনে নাকি ক্ষিপ্ত জ্ঞানেশ কুমার বলেন আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, এমনটাই দাবি চন্দ্রিমার।

Follow Us