
লখনউ: নিজেদের শক্ত ঘাঁটিতেই বড় ধাক্কা বিজেপির। উত্তর প্রদেশের বিধান পরিষদ নির্বাচনে (MLC Election) বারাণসী (Varanasi) কেন্দ্রে হার বিজেপির (BJP)। এই আসনে জয়ী হয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (Samajwadi Party)।
জানা গিয়েছে, মোট ১১টি কেন্দ্রে বিধান পরিষদ নির্বাচন হয়েছে। কমিশন এখনও পর্যন্ত ছয়টি আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে। দেখা গিয়েছে, এর মধ্যে মিরুট, বরৈলি, মোরাদাবাদ ও লখনউ শিক্ষক আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে সমাজবাদী পার্টি বারাণসী ও আগ্রা-এই দুটি আসনে জয়ী হয়েছে।
শিক্ষকদের জন্য সংরক্ষিত আসন ছিল বারাণসী কেন্দ্রটি। এখানে বিজেপির প্রমোদ কুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়ে, জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লাল বিহারী যাদব। এর আগেও ২০২০ সালে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে দাড়িয়েছিলেন প্রমোদ কুমার মিশ্র। সেই সময় মাত্র ৯৩৬ ভোটে হেরে গিয়েছিলেন তিনি। এবার তাঁকে গো-হারা হারাল সপা প্রার্থী লাল বিহারী যাদব।
আগ্রার শিক্ষক আসন আগে বিজেপির হাতে ছিল। এবার তাদের হারিয়ে জয়ী হল সমাজবাদী পার্টি। আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনের আগে সমাজবাদী পার্টির জয় ও বিজেপির হার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বারাণসী বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। বারাণসী লোকসভা আসন থেকেই দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ ও ২০১৯ সালে তিনি এই আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাই এই কেন্দ্রে বিধান পরিষদ নির্বাচনে হার বিজেপির কাছে যথেষ্ট বড় ধাক্কা।
উত্তর প্রদেশ ছাড়াও বিহার, মহারাষ্ট্র ও কর্নাটকে বিধান পরিষদ নির্বাচন হয়েছে। এই চার রাজ্যেই শোচনীয় হার হয়েছে কংগ্রেসের। কর্নাটকে সরকারে থাকলেও, কংগ্রেসের চারটি আসনের একটিতেও জয়ী হয়নি কংগ্রেস। জিতেছে বিজেপি ও এনডিএ শরিক জেডিএস।