
আগরতলা: ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচনে (Tripura Village Committe) এনডিএ-র (NDA) জয়জয়কার। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTAADC-এর ৫৮৭টি ভিলেজ কমিটির মোট ৪ হাজার ৫৯৭টি আসনে নির্বাচন হয়েছিল। মঙ্গলবার রাজ্য (ত্রিপুরা) নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি আসন শূন্য থাকায় ৪,৫৯৪টি আসনের ফল ঘোষণা হয়েছে। তাতে বড় জয় পেয়েছে এনডিএ। এর মধ্যে তিপ্রা মোথা দল পেয়েছে ৩,৪২৮টি আসন। বিজেপি পেয়েছে ৮৫৯টি আসন।
তিপ্রা মোথার দাপট
ভোটের আগেই বিপুল সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছিল তিপ্রা মোথা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১,৫৪৮টি আসনে জয়ের কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। একইভাবে বিজেপি ৮২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল।
চূড়ান্ত ফল অনুযায়ী, তিপ্রা মোথা ৩,৪২৮টি এবং বিজেপি ৮৫৯টি আসন দখল করেছে। এনডিএ-র দুই শরিক মিলিয়ে ৪,২৮৭টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধীদের মধ্যে সিপিআই(এম) পেয়েছে ৮৭টি এবং কংগ্রেস ১০টি আসন। নির্দল প্রার্থীরা ১৮১টি আসনে জয়ী হয়েছেন। IPFT পেয়েছে ২৯টি আসন।
TTAADC-এর অধীনে মোট ৫৮৭টি ভিলেজ কমিটিতে ৪,৫৯৭টি আসন রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন বাদ দিয়ে বাকি ২,৯৫০টি আসনে ভোটগ্রহণ হয় ২৮ সেপ্টেম্বর। ভোট পড়েছিল প্রায় ৮১ শতাংশ। ৫ অক্টোবর ছিল ভোটগণনা। গতকাল, সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় গণনা। ভোটগণনার শুরু থেকেই প্রাথমিক ট্রেন্ড এনডিএ-র পক্ষে ছিল। ফল ঘোষণার পর দেখা যায়, গেরুয়া ঝড়। ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্যের ৯৪ শতাংশ আসনে এনডিএ প্রার্থীরা জয় পেয়েছে বলে কমিশন সূত্রে খবর।