
নয়া দিল্লি: সরকারের প্রধান হিসেবে দীর্ঘ ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ উপলক্ষে বুধবার তিনি দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো ও প্রার্থনা করেন। একই সঙ্গে অকৃত্রিম নিষ্ঠার সাথে দেশসেবা চালিয়ে যাওয়ার সংকল্প নেন তিনি। এরপর দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মোদী বলেন, “২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলাম। সেদিন ভাবিনি এই মাইলফলকে পৌঁছাব। আজ শীর্ষ প্রশাসক হিসেবে টানা ২৫ বছর জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি, তা দেশবাসীর অকৃপণ আশীর্বাদেরই ফল।” তিনি ভারতীয় জনতা পার্টি (BJP), এনডিএ (NDA) এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর আস্থা রাখা সকল মানুষের প্রতি শ্রদ্ধা জানান।
মন্দিরে প্রার্থনার কথা উল্লেখ করে তিনি জানান, দেশবাসীর মঙ্গল কামনার পাশাপাশি ঈশ্বরের কাছে তিনি এমন শক্তি চেয়েছেন যাতে আরও বেশি করে মানুষের কাজ করতে পারেন। সাধারণ জনতাকেই ‘ঈশ্বরের রূপ’ হিসেবে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, লোকসভা হোক বা বিধানসভা—মানুষের এই ধারাবাহিক বিশ্বাসই তাঁর এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।
মোদী আরও বলেন, “বিধানসভা থেকে লোকসভা-প্রত্যেকটা নির্বাচনের সাক্ষী। সফলতা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। আরও বড় লক্ষ্যের দিকে এগনোর সাহস দিয়েছে।” দেশবাসীর কাছে মাথা নত করে প্রণাম জানান তিনি। তিনি বলেন, “আমার জীবনের কোনও ঘটনাই ব্যর্থ যায়নি। জীবনের প্রত্যেকটা ঘটনা শিক্ষা দিয়েছি। ভুজের ভূমিকম্প আমাকে পুনর্নির্মাণের প্রয়াস শিখিয়েছে। চন্দ্রযান অসফলতা থেকে ঘুরে দাঁড়ানো শিখিয়েছে। করোনা রাষ্ট্রের সাময়িক চেতনা মাহাত্ম্য বুঝিয়েছে। মিডিয়া আমাকে টক-মিষ্টি অনুভূতির মধ্যে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে।”
মোদীর ভাষণ এদিন জেলায় জেলায় জায়েন্ট স্ক্রিনে শোনা যায়। হয় মশাল যাত্রা। দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযানে’ বিজেপি।