PM Modi Fuel Saving Appeal: প্রধানমন্ত্রীর অনুরোধে কেউ বাতিল করছেন আমেরিকা ভ্রমণ, কেউ চড়বেন না গাড়িতে! কোন কোন মন্ত্রী কী সিদ্ধান্ত নিলেন?

India austerity measures: রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা নিজের কনভয়ে গাড়ি কমিয়ে দিয়েছেন। বিনা প্রয়োজনে যাতে গাড়ি ব্যবহার না করা হয়, বিশেষ করে নিরাপত্তার জন্য যেন বেশি গাড়ি ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে বলেছেন। বাকিদেরও একই কাজ করতে বলেছেন।

PM Modi Fuel Saving Appeal: প্রধানমন্ত্রীর অনুরোধে কেউ বাতিল করছেন আমেরিকা ভ্রমণ, কেউ চড়বেন না গাড়িতে! কোন কোন মন্ত্রী কী সিদ্ধান্ত নিলেন?
কোন কোন নেতা-মন্ত্রীরা কনভয় কমিয়ে ফেলছেন?Image Credit source: PTI

|

May 13, 2026 | 4:26 PM

নয়া দিল্লি: জ্বালানি বাঁচানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিদেশ ভ্রমণ এবং ডেস্টিনেশন ওয়েডিং আপাতত বাতিল করতে বলেছেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে, গণপরিবহনে যাতায়াতের পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নিজের কনভয়ে গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরামর্শ শুনে বিজেপির নেতা-মন্ত্রীরাও একই পথে হাঁটলেন।

যোগীর নির্দেশ-

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের কনভয়ে গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাকি মন্ত্রী ও আধিকারিকদের গাড়ির সংখ্যাও ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সাংসদ, বিধায়কের মতো জনপ্রতিনিধিদের সপ্তাহে একদিন অন্তত গণপরিবহন করতে বলেছেন।

ব্যক্তিগত গাড়ি ব্যবহারে ‘না’ মোহন যাদবের-

একইভাবে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও জানিয়েছেন যে তিনি নিজের কনভয়ে ন্যূনতম গাড়ি ব্যবহার করবেন। বাকি মন্ত্রীদেরও একই পন্থা অবলম্বন করতে বলেছেন। সকলকে অনুরোধ করেছেন যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে যেন গণপরিবহন ব্যবহার করেন।

দিল্লিতে কারপুলিংয়ের নির্দেশ-

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে অফিসের কাজে ন্যূনতম গাড়ি ব্যবহার করা হবে। ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, দিল্লি সরকারের কর্মীদেরও যথাসম্ভব কম গাড়ি ব্যবহার করতে বলেছেন। তার বদলে কারপুলিং ও গণপরিবহনে যাতায়াত করার পরামর্শ দিয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রীও কমালেন কনভয়- 

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও নিজের কনভয়ে গাড়ি কমিয়ে দিয়েছেন। বিনা প্রয়োজনে যাতে গাড়ি ব্যবহার না করা হয়, বিশেষ করে নিরাপত্তার জন্য যেন বেশি গাড়ি ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে বলেছেন। বাকিদেরও একই কাজ করতে বলেছেন।

মহারাষ্ট্রে কড়া নিয়ম-

এদিকে, প্রধানমন্ত্রীর জ্বালানি বাঁচানোর নির্দেশের পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের অফিসের তরফে বলা হয়েছে যে সরকারি বিমান ব্যবহার করার আগে মন্ত্রীদের অনুমতি নিতে হবে।

বাসে-ট্রেনে যাবেন রাজ্যপাল- 

গুজরাটের রাজ্যপাল জানিয়েছেন, তিনি আর হেলিকপ্টার বা বিমানে যাতায়াত করবেন না। তার বদলে ট্রেন, সরকারি বাস ও অন্যান্য গণপরিবহন ব্যবহার করবেন। কনভয়ে গাড়ির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। গুজরাটের ডেপুটি মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি নিজের মার্কিন সফর বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রীর আবেদন শুনে।

বিহারে নির্দেশ-

বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা বিজয় কুমার চৌধুরীও ঘোষণা করেছেন যে তিনি নিজের গাড়ির ব্যবহার অর্ধেক করে দেবেন। খুব প্রয়োজন ছাড়া কোনও জায়গায় যাবেন না।

Follow Us