Ayodhya Ram Temple: মার্চ মাস পর্যন্ত রাম মন্দির যাবেন না, মন্ত্রিসভার বৈঠকে আবেদন প্রধানমন্ত্রীর

PM Narendra Modi: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়তে শুরু করেছে। প্রথমদিন তো ৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মন্দির কর্তৃপক্ষকে। এই পরিস্থিতিতে জনসাধারণের যাতে রামলালা দর্শনে কোনও অসুবিধা না হয়, সেজন্য বড় আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Ayodhya Ram Temple: মার্চ মাস পর্যন্ত রাম মন্দির যাবেন না, মন্ত্রিসভার বৈঠকে আবেদন প্রধানমন্ত্রীর
রাম মন্দির উদ্বোধনের আগে তামিলনাড়ুর বিশেষ কয়েকটি মন্দির দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit source: PTI

|

Jan 24, 2024 | 11:53 PM

নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধন হওয়ার মাত্র দু-দিন পেরিয়েছে। এর মধ্যেই রাম মন্দির না যাওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের রাম মন্দির না যাওয়ার পরামর্শ দিলেন তিনি। মূলত, অতিরিক্ত ভিড়ের সময় জনসাধারণের যাতে সমস্যা না হয়, সেজন্যই মন্ত্রিসভার সদস্যদের কাছে এই আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাম মন্দিরে ভিআইপিদের নিরাপত্তা প্রোটোকলের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভিআইপিরা রাম মন্দির প্রদর্শনে গেলে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। তার ফলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। তাই আপাতত মার্চ মাস পর্যন্ত তিনি অযোধ্যা সফর না করার আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। মার্চ মাসে মন্ত্রীদের অযোধ্যা সফর করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকে রাম মন্দির নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী আবেদপ্রবণ হয়ে পড়েন বলেও সূত্রের খবর।

গত ২২ জানুয়ারি, সোমবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর দেশবাসীর উদ্দেশে বক্তৃতা দিতে গিয়েও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ইতিহাস সৃষ্টি হল বলে উল্লেখ করেন তিনি। সেই অনুষ্ঠানে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৮ হাজার অতিথি উপস্থিত হয়েছিলেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা থেকে শীর্ষস্থানীয় বহু নেতা-মন্ত্রী সেদিন উপস্থিত হতে পারেননি। মূলত, অতিরিক্ত ভিড়ের জন্যই তাঁরা টিভিতে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখেছেন। চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথমদিকে শাহ, নাড্ডা-সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল। এঁদের মতো ভিআইপিরা রাম মন্দিরে গেলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তার ফলে সাধারণ মানুষের অসুবিধা হবে। তাই সেকথা বিবেচনা করেই এদিন মন্ত্রিসভার বৈঠকে বিশেষ আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য গেট খুলে দেওয়া হয়। আর প্রথম দিন থেকেই রাম-ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। রামলালার প্রথম দর্শন পেতে মঙ্গলবার প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে। প্রচণ্ড ভিড়ে রক্তপাতের ঘটনাও ঘটেছিল। ভিড় সামলাতে নামানো হয় রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত রামলালার দর্শন পেয়েছিলেন ৩ লক্ষ মানুষ। বাকি ২ লক্ষ মানুষকে খালি হাতেই ফিরে যেতে হয়েছিল। তারপর দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার রাম মন্দিরে ৩ লক্ষ ভক্তের সমাগম হয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভিড় সামলাতে বিশেষ বন্দোবস্ত করারও উদ্যোগ নেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us