PM Narendra Modi: মহাকাশকে অনুভব করবেন অন্যভাবে, দেশের প্রথম LED ডোম প্ল্যানেটেরিয়াম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

India's First LED Dome Planetarium: এই কমপ্লেক্সে রয়েছে দুটি ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী হল, ১৫০-র বেশি আসনের লেকচার হল, প্রশিক্ষণ কেন্দ্র এবং রেকর্ডিং স্টুডিও। একটি মিউজিয়ামে বিভিন্ন নিদর্শনের পাশাপাশি ভূতাত্ত্বিক ও জীববৈজ্ঞানিক নমুনাও রাখা হবে।

PM Narendra Modi: মহাকাশকে অনুভব করবেন অন্যভাবে, দেশের প্রথম LED ডোম প্ল্যানেটেরিয়াম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

|

Nov 13, 2026 | 7:40 PM

বেঙ্গালুরু: বিজ্ঞান শিক্ষা ও জ্যোতির্বিজ্ঞানে আরও এক ধাপ এগোল ভারত। আজ, শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন কসমস মাইসুরু প্ল্যানেটেরিয়ামের। কর্নাটকের এই প্ল্যানেটেরিয়াম বিশ্বের অন্যতম প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম (LED dome planetarium)। ৮কে রেজোলিউশনে (8K resolution) দর্শকরা এখানে মহাবিশ্বকে আরও কাছ থেকে দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন।

ভারতীয় জ্যোতির্বিজ্ঞান প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স (Indian Institute of Astrophysics)  এবং মাইসোর বিশ্ববিদ্যালয় (University of Mysore)-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্ল্যানেটেরিয়াম। এই প্রকল্পে সহযোগিতা করেছে ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Department of Science and Technology), ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি (Department of Atomic Energy) এবং ভারতের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজর (Principal Scientific Adviser)-এর দফতর।

প্রকল্পটির জন্য সাংসদ তহবিল থেকেও অর্থ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১২ নভেম্বর জানান, তাঁর তহবিল থেকে ৫ কোটি টাকা এই প্রকল্পে দেওয়া হয়েছে। ২০২২ সালে তিনিই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

কী বিশেষত্ব রয়েছে কসমস (COSMOS)-এ?

এই প্ল্যানেটেরিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হল ১৫ মিটার ব্যাসের এলইডি ডোম (LED Dome)। এর ভিতরের স্কাই থিয়েটার (Sky Theatre)-এ একসঙ্গে প্রায় ১৬০ জন দর্শক বসতে পারবেন।

সাধারণ প্ল্যানেটেরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে গম্বুজে মহাকাশের ছবি দেখানো হয়। কিন্তু কসমস মাইসুরুতে পুরো গম্বুজটিই একটি বিশাল ডিসপ্লে হিসেবে কাজ করবে। এর জন্য ব্যবহার করা হয়েছে ৬,১৪৮টি এলইডি (LED) প্যানেল এবং প্রায় ৪২.৭ মিলিয়ন পিক্সেল। ফলে গ্রহ, নক্ষত্র এবং বিভিন্ন মহাজাগতিক ঘটনার ছবি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে।

থাকবে মহাকাশ নিয়ে নানা অনুষ্ঠান

প্ল্যানেটেরিয়ামে ‘Our Home, Our Cosmos’ নামে ১২ মিনিটের একটি বিশেষ সিনেমা দেখানো হবে। এতে মাইসুরুর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক তুলে ধরা হবে।

এছাড়াও থাকবে ‘কসমস ওডিসি’ (Cosmos Odyssey), যেখানে মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান কীভাবে ধীরে ধীরে বেড়েছে তা দেখানো হবে। ‘ভয়েজার’ (Voyager) অনুষ্ঠানে ঐতিহাসিক মহাকাশ অভিযানের গল্প তুলে ধরা হবে। অনুষ্ঠানগুলি ইংরেজি, কন্নড় এবং হিন্দি ভাষায় দেখানো হবে।

পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ

এই কমপ্লেক্সে রয়েছে দুটি ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী হল, ১৫০-র বেশি আসনের লেকচার হল, প্রশিক্ষণ কেন্দ্র এবং রেকর্ডিং স্টুডিও। একটি মিউজিয়ামে বিভিন্ন নিদর্শনের পাশাপাশি ভূতাত্ত্বিক ও জীববৈজ্ঞানিক নমুনাও রাখা হবে।

বাইরেও রয়েছে যন্তর মন্তরের আদলে তৈরি জ্যোতির্বিজ্ঞান মডেল, ইসরো (ISRO)-র প্রদর্শনী এবং ওপেন-এয়ার অ্যাম্ফিথিয়েটার। পড়ুয়াদের জন্য নিয়মিত জ্যোতির্বিজ্ঞান কর্মসূচি, টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ এবং বিজ্ঞান সচেতনতা কর্মসূচি আয়োজন করা হবে। গ্রামীণ এলাকার পড়ুয়াদেরও এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এর ফলে মাইসুরুতে বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান শিক্ষার প্রসার তো হবেই, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়া, গবেষক এবং মহাকাশপ্রেমীদের কাছেও নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে কসমস মাইসুরু প্ল্যানেটোরিয়াম।

Loading...
Unable to load recommendations.
Follow Us