
নয়া দিল্লি: প্রশাসনিক পদে ২৫ বছর পূর্ণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। এই উপলক্ষে দেশজুড়েই নানা অনুষ্ঠান হচ্ছে। এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো দেন। বিকেলে তিনি দেখা করতে গেলেন প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani)-র সঙ্গে। সেখানে গিয়ে তিনি লালকৃষ্ণ আদবাণীর হাতে পুষ্পস্তবক তুলে দেন। বর্ষীয়াণ নেতার স্বাস্থ্যের খোঁজ নেন। আদবাণীর হাতে হাত রেখে কথা বলার ছবিও সামনে এসেছে।
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি প্রশাসনের শীর্ষে রাজনৈতিক যাত্রা শুরু হয় নরেন্দ্র মোদীর। ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর ২০১৪ সালের মে মাসে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। একটানা ১২ বছর ধরে দেশের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা ২৫ বছরের নেতৃত্বের প্রশংসা করে গতকালই একটি প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ-বিদেশ থেকে রাষ্ট্রনেতারা শুভেচ্ছা জানিয়েছেন।
প্রশাসনিক পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০০১ সালের ৭ অক্টোবর যখন আমি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম, তখন ভাবিনি যে কখনও এই জায়গায় পৌঁছাতে পারব। আজ টানা ২৫ বছর জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি, তা দেশবাসীর অকৃপণ আশীর্বাদেরই ফল।”
বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর ‘বিকশিত ভারত সংকল্প সভা’য় নিজের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা ও জীবনের পাঠ তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যতক্ষণ না ভারত বিকশিত ভারত না হয়,ততক্ষণ আমি থামব না, ক্লান্ত হব না।”