PM Modi on GST Reforms: গ্রেফতারির ক্ষমতা খর্ব থেকে জরিমানা, GST-তে সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর

Narendra Modi Welcomes GST Reforms 2026: জিএসটি কাউন্সিলের এই সংস্কারমূলক সুপারিশগুলিকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গ্রেফতারির বিধান প্রত্যাহার, বিভিন্ন ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিধি কমানো এবং প্রক্রিয়া সরলীকরণের সুপারিশ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

PM Modi on GST Reforms: গ্রেফতারির ক্ষমতা খর্ব থেকে জরিমানা, GST-তে সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী মোদীImage Credit source: Facebook

Oct 08, 2026 | 10:16 PM

নয়া দিল্লি:  জিএসটি (GST) ব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে কেন্দ্র। এবার জিএসটি আইনে গ্রেফতারির নিয়ম প্রত্যাহার থেকে শুরু করে জরিমানার অঙ্ক কমানো, একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জিএসটি কাউন্সিল (GST Council)। শুধু তাই নয়, জিএসটি সংক্রান্ত মামলায় ফৌজদারি বিচারের জন্য নির্ধারিত আর্থিক সীমাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের ৫৭তম বৈঠকে এই প্রস্তাবগুলি দেওয়া হয়েছে। কাউন্সিলের এই সুপারিশকে এবার স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর দাবি, এই সংস্কারের ফলে জিএসটি ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ হয়ে উঠবে।

জিএসটি-তে কী কী বদলের সুপারিশ?

জিএসটি কাউন্সিলের ৫৭তম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল জিএসটি আইনের অধীনে গ্রেফতারির নিয়ম প্রত্যাহার। আধিকারিকদের গ্রেফতারির ক্ষমতা খর্ব করা হয়েছে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে কর আধিকারিকরা আর গ্রেফতার করতে পারবেন না। পাশাপাশি, জিএসটি সংক্রান্ত অপরাধে ফৌজদারি বিচারের জন্য আর্থিক সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার সুপারিশ করা হয়েছে।

এখানেই শেষ নয়, সাধারণ জরিমানার অঙ্কও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে যে ক্ষেত্রে ২৫ হাজার টাকা জরিমানার নিয়ম রয়েছে, তা কমিয়ে ১০ হাজার টাকা করার সুপারিশ করেছে কাউন্সিল।

এছাড়া, ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC এবং রিফান্ডের সুবিধা আরও বেশি সংখ্যক করদাতার কাছে পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। জিএসটি রেজিস্ট্রেশন এবং কর সংক্রান্ত নিয়ম মেনে চলার প্রক্রিয়াও আরও সহজ করার উপর জোর দেওয়া হয়েছে।

কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

জিএসটি কাউন্সিলের এই সংস্কারমূলক সুপারিশগুলিকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গ্রেফতারির বিধান প্রত্যাহার, বিভিন্ন ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিধি কমানো এবং প্রক্রিয়া সরলীকরণের সুপারিশ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে চারটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেগুলি হল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিয়ম মেনে চলার খরচ কমানো, স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিফান্ড,  আস্থাভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা।

মোদীর বক্তব্য, জিএসটি ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ এবং সাধারণ মানুষের উপযোগী করে তোলার যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে, এই সংস্কারের সুপারিশগুলি তারই অংশ।

ব্যবসায়ী ও করদাতাদের কী সুবিধা হবে?

জিএসটি কাউন্সিলের এই সুপারিশগুলি কার্যকর হলে ব্যবসায়ী এবং করদাতারা একাধিক ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। বিশেষ করে জিএসটি সংক্রান্ত নিয়ম মেনে চলার প্রক্রিয়া সহজ হলে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা কমতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us