
নয়া দিল্লি: রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে অভিমুখ পরিবর্তন হয়ে গেল নির্বাচন পরবর্তী হিংসা মামলার। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল বুধবার। আক্রান্তদের তরফে আইনজীবী গৌরব ভাটিয়া আবেদন জানান, রাজ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। তাই মামলা আপাতত স্থগিত করা হোক। হামলায় নিহতের ভাই দিল্লি আসছেন, তাই এই মামলার শুনানি গ্রীষ্মকালীন ছুটির পরে করা হোক।
বুধবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জীব মেহেতার বেঞ্চে। রাজ্যের সরকার পরিবর্তনের ঘটনার প্রেক্ষিতে বিচারপতি বিক্রম নাথ এবং সঞ্জীব মেহেতার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘সাবস্টেনসিয়াল চেঞ্জ।’
২০১৮ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ভোট এবং তার পরবর্তী সময়ে রাজ্যজুড়ে নজিরবিহীন রাজনৈতিক হিংসা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোট গ্রহণ ও গণনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ব্যাপক সন্ত্রাস, খুন, ও বোমাবাজির অভিযোগ ওঠে। মনোনয়ন পর্ব থেকেই রাজ্যের তৎকালানী বিরোধী দল বিজেপি, সঙ্গে কংগ্রেস ও সিপিএম তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও, হিংসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সেই মামলারই শুনানি ছিল বুধবার। যা পিছিয়ে গেল। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে।