Rahul Gandhi: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোট চুরি’, তোপ রাহুল গান্ধীর

Rahul Gandhi attacks BJP: রাহুলের আরও অভিযোগ, জম্মু-কাশ্মীরে নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিহারে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অসমে বিজেপির সুবিধামতো গোটা রাজ্যের নির্বাচনী কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। একইসঙ্গে পশ্চিমবঙ্গে ১০০-রও বেশি আসন চুরি করা হয়েছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ।

Rahul Gandhi: পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোট চুরি, তোপ রাহুল গান্ধীর
রাহুল গান্ধীImage Credit source: Tv9 Bangla

Nov 28, 2026 | 7:10 PM

নয়া দিল্লি: ভোট চুরির অভিযোগ তুলে ফের বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে (Election Commission) তোপ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস নেতার অভিযোগ, বাংলার বিধানসভা ভোটে চুরি করে শতাধিক আসনে জিতেছে বিজেপি। অসম (Assam), জম্ম-কাশ্মীরেও (Jammu and Kashmir) একই ছক কষেছে। এমনই অভিযোগ তুলে বিজেপিকে তুলোধনা করেছেন কংগ্রেস সাংসদ। ডিলিমিটেশন বিলের প্রসঙ্গ তুলে রাহুলের অভিযোগ, গণতন্ত্রকে শেষ করতে ভোট চুরির নতুন ম্যাপ আনতে চাইছে বিজেপি।

শনিবার নয়া দিল্লির ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করেন রাহুল। সেখানেই সাংসদের অভিযোগ, ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবার নতুন পরিকল্পনা করছে বিজেপি। দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো বদলে দিতে চাইছে গেরুয়া শিবির। ভারতকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সেই চেষ্টা সফল হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল।

কী অভিযোগ রাহুলের?

রাহুল গান্ধী বলেন, “লোকসভায় বর্তমান ৫৪৩ জনের পরিবর্তে ৮৫০ জন সদস্য করার পরিকল্পনা করছে কেন্দ্র। আর এর জন্য মহিলা সংরক্ষণের অজুহাত দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, মহিলা সংরক্ষণ বিল তো আগেই পাশ হয়েছে। চাইলে আগামীকাল থেকেই তা কার্যকর করা সম্ভব। তাহলে লোকসভার আসনসংখ্যা ৮৫০ করার প্রয়োজন কেন?” রাহুলের দাবি, এই প্রশ্নের উত্তর রয়েছে অসম এবং জম্মু-কাশ্মীরে। তাঁর অভিযোগ, আসনসংখ্যা বাড়িয়ে দিলে নির্বাচনী মানচিত্রে নিজেদের সুবিধামতো অনেক পরিবর্তন করার সুযোগ পাবে বিজেপি।

বাংলায় ভোট চুরির অভিযোগ

রাহুলের আরও অভিযোগ, জম্মু-কাশ্মীরে নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিহারে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অসমে বিজেপির সুবিধামতো গোটা রাজ্যের নির্বাচনী কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। একইসঙ্গে পশ্চিমবঙ্গে ১০০-রও বেশি আসন চুরি করা হয়েছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ।

তিনি আরও বলেন, “ওরা জানে, আমরা জানি। জ্ঞানেশ কুমার সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। তিনি বাঁচতে পারবেন না। খুব শীঘ্রই সেই তথ্য প্রকাশ্যে আনব।” তবে কী ধরনের তথ্য প্রকাশ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জেন জ়ি-র উদ্দেশে বিশেষ বার্তা দেন রাহুল গান্ধী। তিনি বলেন, “জেন জ়ি, এই সংখ্যাটা মনে রাখবেন। ৮৫০ হল ভারতের গণতন্ত্রকে হত্যা করার সংখ্যা।” তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের হাতে দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের ইচ্ছেমতো বদলে দেওয়ার সুযোগ তুলে দেওয়াই এই পরিকল্পনার উদ্দেশ্য।

ডিলিমিটেশন কমিশনের গঠন নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তাঁর দাবি, এই কমিশনে জ্ঞানেশ কুমারের পাশাপাশি মোদী ও শাহের পছন্দ করা একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন। তৃতীয় সদস্যকে বেছে নেওয়ার দায়িত্বও থাকবে জ্ঞানেশ কুমারের হাতে। রাহুলের অভিযোগ, এই প্রক্রিয়ায় কমিশনের উপর কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগও থাকবে না বলে দাবি করেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us