
নয়া দিল্লি: কলকাতা থেকে সিকিম যাওয়া সহজ করবে রেল। প্রজেক্টের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। তৈরি হচ্ছে একের পর এক টানেল। এবার সেই প্রজেক্ট সম্পর্কিত তথ্য সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে কাজ। রাজ্যসভায় এই প্রজেক্ট নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রী জানান, কোন কোন কারণে কাজ শেষ করতে দেরী হচ্ছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১২ হাজার ১৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেবক-রংপো প্রজেক্টের জন্য। ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত ওই প্রকল্পে খরচ করা হয়েছে ৭ হাজার ৩২ কোটি টাকা।
মন্ত্রী আরও জানিয়েছেন, সেবক-রংপো প্রজেক্টের ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। হিমালয়ের যে অংশ দিয়ে ওই রেললাইন যাচ্ছে, সেখানে পদে পদে ভৌগলিক অবস্থা বদলাতে থাকে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রেলকে।
সেবক-রংপো প্রজেক্টের মধ্যে রয়েছে ১৪টি টানেল, যার মোট দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার। এখনও পর্যন্ত ১২টি টানেল তৈরি হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। তবে এ ক্ষেত্রেও রাজ্য সরকারের জমির ওপর নির্ভর করতে হচ্ছে। এছাড়া আবহাওয়ার জন্যও ধাক্কা খাচ্ছে প্রজেক্ট।
তবে সব বাধা কাটিয়ে দ্রুত রেল লাইনের কাজ শেষ করতে তৎপর রেল। মন্ত্রী জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। জমির সমস্যা যাতে দ্রুত মিটে যায়, যাতে জঙ্গল পরিষ্কার করা হয় দ্রুত, সেদিকে নজর রাখছে রেল।
শুধু পর্যটন নয়, দেশের নিরাপত্তার স্বার্থেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন সীমান্তে নাথুলা পর্যন্ত এভাবেই ধাপে ধাপে রেলপথ নির্মাণ করা হবে, যাতে সেনা জওয়ানরা পৌঁছে যেতে পারেন, রসদও পৌঁছবে দ্রুত। ফলে সকলের নজর রয়েছে এই প্রকল্পে।