Supreme Court: ‘যে পুরসভার কোনও অস্তিত্বই নেই, সুপারিশ কীভাবে করতে পারে?’, কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্যে

SC hearing on Kolkata municipal elections: সংবিধানের কোন ধারায় অস্তিত্ব না থাকা কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর সুপারিশ জারি করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,  ধারা ১৭-এর অধীনে শুধুমাত্র কর্পোরেশনের সদস্য, মেয়র-ইন-কাউন্সিল অথবা কর্পোরেশনের কোনও কমিটির ক্ষমতা ব্যাখ্যা করা হয়েছে।

Supreme Court: যে পুরসভার কোনও অস্তিত্বই নেই, সুপারিশ কীভাবে করতে পারে?, কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্যে
কলকাতা পুরভোট কবে? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 23, 2026 | 2:28 PM

নয়া দিল্লি: কলকাতা পুরভোট সংক্রান্ত মামলায় সুপ্রিম শুনানি। হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী,  বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে  কলকাতার পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোট ঘোষণার জটিলতা সংক্রান্ত মামলাটি  ওঠে। শুনানির সময়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যের যুক্তি। রাজ্যের তরফে সওয়াল করা হয়,  বিধানসভায় বিল পাশ হয়, কিন্তু কেউ চ্যালেঞ্জ করেনি। রাজ্যের আরও বক্তব্য, আপত্তি জানানোর জন্য ৮ দিন সময়ও দেওয়া হয়েছিল। সরকার সংশোধনী আনার পরও আপত্তি জানানোর সুযোগ ছিল। সেক্ষেত্রে মাত্র ২৮৫টি অভিযোগ আসে, ২ বার শুনানি হয় বলে সুপ্রিম কোর্টে জানায় রাজ্য। কিন্তু সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্যের যুক্তি। বিচারপতি জানতে চান, যে কর্পোরেশনের কোনও অস্তিত্বই নেয়, সে সুপারিশ কীভাবে করতে পারে?

উল্লেখ্য, কলকাতার পুরভোট ঘোষণায় গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ  স্পষ্ট করে দিয়েছিল, সিঙ্গল বেঞ্চ যতক্ষণ না মূল মামলার নিষ্পত্তি করবে, ততক্ষণ পর্যন্ত কমিশন কখনও পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে না। কিন্তু কেন এই নির্দেশ দেওয়া হয়েছিল? তার কারণ এই মুহূর্তে পুরনিগমের কোনও ‘অস্তিত্ব’ নেই। সেক্ষেত্রে প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ তিনি করতে পারেন?

বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের যুক্তি

এদিনের শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর একের পর এক প্রশ্নের মুখে পড়েন সলিসেটর জেনারেল তুষার মেহেতা। বিচারপতি এদিন নিজেই গোটা প্রসঙ্গ উত্থাপন করে বলেন, পুরনিগমের ইতিমধ্যেই কোনও অস্তিত্ব নেই। এই পর্যায় রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হবে। রাজ্য সরকার এর জন্য প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসে। এই সংশোধনী আনার ক্ষেত্রেও কোথাও কোনও বিধিনিষেধ নেই। কিন্তু একটি বিষয় এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে স্বাভাবিকভাবেই ওয়ার্ডগুলোর যে সীমানা রয়েছে, সেটাও পরিবর্তন করতে হবে। অর্থাৎ ওয়ার্ড পুনর্বিন্যাস করতে গেলে বেশ কয়েকটি ফর্মুলা রয়েছে। আইন মোতাবেক করতে হবে। সেক্ষেত্রে সংবিধানের যে সিডিউল ২ রয়েছে, তা পরিবর্তন করতে হবে। আর সেটি করতে গেলে রাজ্য সরকার নিজস্ব এক্তিয়ারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, দ্বিতীয়ত, কর্পোরেশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার ওয়ার্ডের পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিতেই পারে, বিজ্ঞপ্তি ইস্যু করতে পারে।

কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে এই মুহূর্তে পুরবোর্ডেরই কোনও অস্তিত্ব নেই, সেক্ষেত্রে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব বা সুপারিশ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন!

রাজ্যের যুক্তি

সেক্ষেত্রে সলিসেটর জেনারেল তুষার মেহেতা বলেন, “আইন সংশোধন করা হয়েছে। রাজ্য সরকারের এক্তিয়ার রয়েছে সিদ্ধান্ত নেওয়ার। কমিশনার এক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেয়নি। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা হাইকোর্ট ভুল সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, “প্রিপ্যারাটরি ড্রাফট তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষের মতামত জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। এরপর সংশোধনী আনা হয়। এই বিল বিধানসভায় পাস হয়েছিল। এই বিলকে কেউ চ্যালেঞ্জ করেনি। আট দিন দেওয়া হয়েছিল অবজেকশন জানানোর জন্য। পাবলিক ইন্সপেকশনের সুযোগ দেওয়া হয়েছিল।
সাজেশন চাওয়া হয়েছিল।”

বিচারপতি বাগচী তখন বলেন, “তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে, রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে,  বিভ্রান্তির সূত্রপাত ঠিক সেখান থেকেই হয়েছে। অবজেকশন জানানোর জন্য ৭ দিন কি যথেষ্ট সময়?”

সলিেটর জেনারেল জানান, আপত্তির সময়সীমা নিয়ে কোনওরকম অভিযোগ জানানো হয়নি। পরবর্তী ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য দুই সপ্তাহ দেওয়া হয়। ২৫ আগস্ট সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। ৫, ৭, ৮, ৯ সেপ্টেম্বর শুনানির জন্য সময় এবং জায়গা বরাদ্দ করা হয়। পার্সোনাল হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হয়। সংশোধনী আনার পর দ্বিতীয়বার অবজেকশন জানাবার সুযোগ দেওয়া হয়। মাত্র ২৮৫ টি অভিযোগ আসে। তিনি জানান, ১০ সেপ্টেম্বর অ্যাডিশনাল চিফ সেক্রেটারির নির্দেশ মোতাবেক কমিশনার রেকমেন্ডেশন ইস্যু করেন।

আইনজীবীর বক্তব্য

আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “যা বলা হচ্ছে তা হাইকোর্টে হলফনামা আকারে দেওয়া হোক। হাইকোর্টে শুনানি হোক। এই বক্তব্য হলফনামা আকারে হাইকোর্টে দেওয়া হোক।”

সংবিধানের কোন ধারায় অস্তিত্ব না থাকা কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর সুপারিশ জারি করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,  ধারা ১৭-এর অধীনে শুধুমাত্র কর্পোরেশনের সদস্য, মেয়র-ইন-কাউন্সিল অথবা কর্পোরেশনের কোনও কমিটির ক্ষমতা ব্যাখ্যা করা হয়েছে।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ধারা ১৭-এর ভাষা কিছুটা আলাদা। ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনায় গুরুত্ব পেয়েছে? সলিসিটর জেনারেল তুষার মেহতা: আমি সেটি পড়ে শোনাচ্ছি। বিচারপতি জয়মাল্য বাগচীর তখন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, “আমার মনে হয়, বিষয়টি আমি বুঝতে পেরেছি। আসলে এটি অনেকটা ‘সিজারের স্ত্রীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে’—এই নীতির মতো। অর্থাৎ, কে কার নির্দেশে কাজ করছেন?”

বিচারপতি তখন নিজেই বলেন,  “বিষয়টি থেকে স্পষ্ট যে, একটি নির্দেশ জারি করা হয়েছিল… এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেটি সুপারিশের ভিত্তিতে করা হয়েছে। ডিভিশন বেঞ্চের রায়ের মূল ভিত্তি এটাই। প্রস্তাবটি এসেছে কর্পোরেশনের কাছ থেকে, কিন্তু প্রশাসক তো কর্পোরেশন নন।” যে কর্পোরেশনের কোন অস্তিত্ব নেই সেই কর্পোরেশন কিভাবে রেকমেন্ডেশন ইস্যু করলো এই প্রশ্নের মুখে সলিসিটর জেনারেল তুষার মেহতা। লাঞ্চের বিরতির পর এ বিষয়ে ফের শুনানির জন্য আবেদন করেন তুষার মেহতা। আগামী পরশু পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ।

Loading...
Unable to load recommendations.
Follow Us