Supreme Court: ‘এটা তো শুধুমাত্র উপনির্বাচন’, SIR মামলার শুনানিতে কেন বলল সুপ্রিম কোর্ট?

Bengal SIR Case Urgent Hearing: প্রাথমিকভাবে এই মামলা ২৯ সেপ্টেম্বর তালিকাভুক্ত ছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে পাঁচ অক্টোবর করা হয়। এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়।

Supreme Court: এটা তো শুধুমাত্র উপনির্বাচন, SIR মামলার শুনানিতে কেন বলল সুপ্রিম কোর্ট?
কী বলল সুপ্রিম কোর্ট?

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 28, 2026 | 3:22 PM

নয়াদিল্লি: আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন। সেজন্য পশ্চিমবঙ্গের এসআইআর মামলার দ্রুত শুনানির আর্জি। তবে উপনির্বাচনের জন্য দ্রুত শুনানির আর্জি মানল না সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে জানাল, নির্ধারিত তালিকা অনুযায়ীই এসআইআর মামলার শুনানি হবে। আর আর্জি খারিজ করতে গিয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘এটা তো শুধুমাত্র উপনির্বাচন।’

এসআইআর-এ নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি মানুষের নাম বাদ গিয়েছে বলে আগেই আলাদা পিটিশন ফাইল হয়েছে। এই জেলার ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও।

প্রাথমিকভাবে এই মামলা ২৯ সেপ্টেম্বর তালিকাভুক্ত ছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে পাঁচ অক্টোবর করা হয়। এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়। আইনজীবী বলেন, ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন রয়েছে। অথচ ভোটার তালিকা থেকে নাম বাদের বিরুদ্ধে হাজার হাজার আবেদন এখনও বিচারাধীন রয়েছে। তাঁদের অনেকেই আগের নির্বাচনেও ভোট দিতে পারেননি। ৬ অক্টোবরের আগে নিষ্পত্তি না হলে এবারও তাঁরা অধিকার থেকে বঞ্চিত হবেন। ফলে দ্রুত শুনানির প্রয়োজন।

তবে উপনির্বাচনের কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার দ্রুত শুনানির আর্জিকে গুরুত্ব দিল না প্রধান বিচারপতির বেঞ্চ। জানিয়ে দিল, পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী শুনানি হবে আগামী ৫ অক্টোবর। অর্থাৎ ভোটের আগের দিনই এসআইআর মামলার শুনানি হবে।

মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করতে গিয়ে এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘এটা শুধুমাত্র একটা উপনির্বাচন। আমরা পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী পাঁচ অক্টোবরই মামলা শুনব।’

Loading...
Unable to load recommendations.
Follow Us