Supreme Court on Books: ‘বইয়ের প্রতি কিছুটা সম্মান দেখান’, কড়া বার্তা সুপ্রিম কোর্টের, ১৩৫ বছরের পুরনো লাইব্রেরি থেকে বই সরানোয় স্থগিতাদেশ
New Delhi: বর্তমানে দিল্লির শাস্ত্রী ভবনে রয়েছে এই গ্রন্থাগার। সেখানে প্রায় ৮.৫ লক্ষ বইয়ের সংগ্রহ রয়েছে। সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অধীনে শাস্ত্রী ভবন নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই কারণে গ্রন্থাগারটি অন্যত্র সরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কিন্তু এত বিপুল সংখ্যক বই রাখার জন্য নতুন জায়গায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নয়াদিল্লি: ১৩৫ বছরের পুরনো সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরির (Central Secretariat Library) বই সরানোর সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকারের তাড়াহুড়ো করে বই স্থানান্তরের উদ্যোগে অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত। বিচারপতিদের স্পষ্ট বক্তব্য, বইগুলির সঙ্গে যে ভাবে আচরণ করা হচ্ছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ঐতিহাসিক সম্পদের মর্যাদা বুঝে সেগুলি সংরক্ষণ করতে হবে। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২০ নভেম্বর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত গ্রন্থাগারের কোনও বই সরানো যাবে না।
বর্তমানে দিল্লির শাস্ত্রী ভবনে রয়েছে এই গ্রন্থাগার। সেখানে প্রায় ৮.৫ লক্ষ বইয়ের সংগ্রহ রয়েছে। সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অধীনে শাস্ত্রী ভবন নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই কারণে গ্রন্থাগারটি অন্যত্র সরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কিন্তু এত বিপুল সংখ্যক বই রাখার জন্য নতুন জায়গায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার মামলার শুনানিতে আদালতের নিযুক্ত সিনিয়র আইনজীবী হরিপ্রিয়া পদ্মনাভন জানান, নভেম্বর মাসের মধ্যেই বইগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। এই প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, নতুন জায়গায় কতটা স্থান পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কেন্দ্রকে আরও স্পষ্ট তথ্য দিতে হবে। বর্তমানে বইয়ের তাক রাখার জন্য যতটা জায়গা ব্যবহার করা হচ্ছে, নতুন জায়গায় তার তুলনায় কতটা জায়গা পাওয়া যাবে, তার বিস্তারিত হিসাবও চেয়েছেন তিনি। এ দিন আর কে পুরমে রাখা বইগুলির অবস্থাও আদালতের নজরে আনেন অ্যামিকাস কিউরি। তিনি জানান, নিজে ওই জায়গা পরিদর্শন করে দেখেছেন, সেখানে বইগুলির অবস্থা অত্যন্ত খারাপ। প্রায় ১৫ বছর ধরে সেগুলি ওই অবস্থায় পড়ে রয়েছে। তাঁর দাবি, বইগুলি মূল সংগ্রহেরই অংশ।
এর পরেই কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিকে প্রশ্ন করেন বিচারপতি সঞ্জয় কুমার। বই সরানোর জন্য এত তাড়াহুড়ো কেন, তা জানতে চান তিনি। বিচারপতির কথায়, “আপনারা শুধু কাজটা দ্রুত শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই বইগুলি নিয়ে কী করার পরিকল্পনা রয়েছে আপনাদের? গোটা বিষয়টিতে কোনও পরিকল্পনার ছাপ নেই। মনে হচ্ছে, আপনারা বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন। অথচ এটি আমাদের ঐতিহ্য।”
বিচারপতি আরও বলেন, এই ঐতিহ্যের শিকড় ১৭০২ সাল পর্যন্ত বিস্তৃত। বইগুলির গুরুত্ব বোঝানোর পাশাপাশি কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “যদি আপনারা এই বইগুলি রাখতে না চান, তা হলে এমন কোনও দেশকে দিয়ে দিন, যারা এগুলির মূল্য বুঝবে। অন্তত বইগুলিকে কিছুটা সম্মান দেখান। দু’লক্ষ বইকে কার্যত অবহেলার মধ্যে ফেলে রাখা হয়েছে।”
কেন্দ্রের তরফে ঐশ্বর্য ভাটি জানান, আর কে পুরমে রাখা বইগুলি আসলে তুলসী সদন লাইব্রেরির। এই বক্তব্যের পর আদালত অ্যামিকাস কিউরিকে যাচাই করে দেখতে বলে, ওই বইগুলিতে তুলসী সদন লাইব্রেরির কোনও পরিচয়চিহ্ন বা ট্যাগ রয়েছে কি না।
এর পরেই আদালত জানিয়ে দেয়, পরবর্তী শুনানির আগে সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরির বই সরানো যাবে না। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট ভাষায় বলেন, “তা হলে আপনারা বইগুলি সরাবেন না।” কেন্দ্রের আইনজীবীও আদালতকে আশ্বাস দেন, পরবর্তী শুনানি পর্যন্ত বই সরানো হবে না। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০ নভেম্বর। কেন্দ্রের জমা দেওয়া হলফনামাটিও আদালতের নথিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ৮.৫ লক্ষ বইয়ের এই ঐতিহাসিক গ্রন্থাগারের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ রয়েছে কি না, তা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট।
